আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে নিরাপত্তা শংকায় ভারতে দল পাঠানোর সিদ্ধান্তে অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) পাঠানো চিঠিতে বিসিবি অনুরোধ করেছে, ভারতের বাইরে ম্যাচগুলো সরিয়ে নিতে। অপেক্ষা এবার আইসিসির আনুষ্ঠানিক সিদ্ধান্তের। যদিও বিসিবি সভাপতি গত দুইদিনে বারবার জানিয়েছেন ভারতে দল না পাঠানোর ব্যাপারে তাদের সিদ্ধান্ত আগেরটাই আছে।
অবশ্য সাবেক অধিনায়ক তামিম ইকবাল বলছেন, চূড়ান্ত সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত বিসিবির খোলামেলা মন্তব্য না করাই শ্রেয়। বৃহস্পতিবার সিটি ক্লাব গ্রাউণ্ডে একটি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে তামিম বলেন, ‘একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পর এবং আইসিসির সঙ্গে আলোচনা শেষ হওয়ার পরই মন্তব্য করা উচিত। প্রতিটি ধাপে কথা বললে অকারণ অনিশ্চয়তা তৈরি হয়, যেটা এখন দেখা যাচ্ছে।’
নিরাপত্তা শংকা প্রকাশ করে বৃহস্পতিবার আইসিসিতে আরো একটি চিঠি দিয়েছে বিসিবি। বোর্ড সূত্রে জানা গেছে, আগামী ১০ জানুয়ারির মধ্যে এই ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে আইসিসি। সেই প্রেক্ষাপটে তামিম বলেন, ‘এক সপ্তাহ পর যদি সিদ্ধান্ত বদলে যায়, তখন আগের বক্তব্যের ব্যাখ্যা দেওয়া কঠিন হয়ে পড়ে। তাই আমার মনে হয়, আগে নিজেদের মধ্যে সিদ্ধান্ত নিন, তারপর সেটা সবাইকে জানান।’
বিসিবির গত নির্বাচনে পরিচালক পদে লড়তে চেয়েও শেষ পর্যন্ত মনোনয়ন পত্র তুলে নেন তামিম। নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলে তিনি-সহ মোট ১৯ জন পরিচালক। ক্রিকেট সংশ্লিষ্ট বিভিন্ন মহলে বলা হচ্ছিল, পরিচালক হিসেবে নির্বাচিত হলে বোর্ডের সভাপতির দায়িত্বে তিনিই আসতেন। সেই হিসেবে তার কাছে প্রশ্ন গেছে, বর্তমান বোর্ডে থাকলে উদ্ভূত পরিস্থিতি তামিম কীভাবে সামলাতেন?
তামিম জানান, তিনি সিদ্ধান্ত নিতেন ভবিষ্যত চিন্তা করে, ‘সিদ্ধান্তটা নিতাম ভবিষ্যৎ চিন্তা করে। হ্যাঁ, অনেক কিছুই ঘটছে। এই মুহূর্তে মন্তব্য করা জটিল। তবে একটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে যে সবাই মিলে আলোচনা করে অনেক কিছু সমাধান করা যায়। ক্রিকেট বিশ্বে আপনার নিজের অবস্থান কোথায়, বাংলাদেশের ভবিষ্যৎ কী হতে পারে—সবকিছু মিলিয়েই আমি সিদ্ধান্ত নিতাম।’


