সরকারি ক্রয়ব্যবস্থাকে আরও দক্ষ, স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক বাজার বিশ্লেষণ এবং টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ডকে অন্যান্য সরকারি সেবার কার্ডের সঙ্গে সমন্বয়ের উদ্যোগ নেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে টিসিবির কার্যক্রম মূল্যায়ন শীর্ষক অনুষ্ঠানে এসব বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।
অনুষ্ঠানে বাণিজ্য সচিব আতাউর রহমান খান বলেন, বাজার ব্যবস্থাপনা ও সরকারি ক্রয়প্রক্রিয়ায় এআইভিত্তিক বিশ্লেষণ যুক্ত করার লক্ষ্যে একটি কনসেপ্ট নোট প্রস্তুত করা হয়েছে।
এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়, টিসিবি, অর্থ বিভাগ ও প্রযুক্তি বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হবে এবং তাদের সুপারিশের ভিত্তিতে পরবর্তী কার্যক্রম নেওয়া হবে। এ ছাড়া, সরকারি ক্রয়ে প্রতিযোগিতা বাড়াতে দরপত্রে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সংখ্যা বাড়ানো এবং বাজার বিশ্লেষণ করে আরও নির্ভুল ‘কস্ট এস্টিমেট’ প্রস্তুতের ওপর গুরুত্ব দেন তিনি।
টিসিবির চেয়ারম্যান ফয়সল আজাদ জানান, টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ডকে অন্যান্য সরকারি কার্ডের সঙ্গে সমন্বয়ের পাশাপাশি ভোক্তাদের পণ্যের বাস্কেটে আরও প্রয়োজনীয় পণ্য যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া বরিশাল, রাজশাহী ও ঢাকায় মডেল স্টোর স্থাপন করা হবে। পয়েন্ট অব সেল (পিওএস) ব্যবস্থা চালুর লক্ষ্যে ইতোমধ্যে ই-জিপি পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হয়েছে।
অনুষ্ঠানে টিসিবির ভর্তুকিপ্রাপ্ত পণ্যের সঙ্গে সাবান ও ডিটারজেন্ট বিক্রির বিষয়েও আলোচনা হয়। তবে এ ধরনের অতিরিক্ত পণ্য ক্রয় সম্পূর্ণ ঐচ্ছিক এবং ভোক্তাদের জন্য কোনো বাধ্যবাধকতা থাকবে না বলে জানানো হয়েছে।
মূল্যায়ন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (ডব্লিউটিও) খাদিজা নাজনীন এবং অতিরিক্ত সচিব (আইআইটি) শিবির বিচিত্র বড়ুয়া।


