ভূমিকম্প পরবর্তী বিভিন্ন আবাসিক হল ও ভবনের কারিগরি নিরীক্ষণ, মূল্যায়ন ও মনিটরিংয়ের জন্য বুয়েটের বিশেষজ্ঞ সদস্যদের সমন্বয়ে গঠিত কারিগরি সাব-কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরও ৫টি হল ও হোস্টেল পরিদর্শন করেছে।
বৃহস্পতিবার পরিদর্শন করা হলগুলো হলো-হাজী মুহম্মদ মুহসীন হল, শামসুন নাহার হল, ড. কুদরাত-ই-খুদা হোস্টেল, অ্যাথলেট সুলতানা কামাল হোস্টেল এবং কবি সুফিয়া কামাল হল।
পরিদর্শনকালে বুয়েট পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. ইশতিয়াক আহমেদ, বুয়েট পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. নজরুল ইসলামসহ সংশ্লিষ্ট হল প্রাধ্যক্ষ, ওয়ার্ডেন, আবাসিক শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী এবং ডাকসু ও হল সংসদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ভূমিকম্প পরবর্তী বিভিন্ন আবাসিক হল ও ভবনের কারিগরি নিরীক্ষণ, মূল্যায়ন ও মনিটরিংয়ের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরীকে সভাপতি করে সেন্ট্রাল কোঅর্ডিনেশন কমিটি গঠন করা হয়েছে।
সেন্ট্রাল কোঅর্ডিনেশন কমিটির অধীনে ৪টি সাব-কমিটিও গঠন করা হয়েছে। বুয়েটের বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত এসব সাব-কমিটি দ্রুততম সময়ের মধ্যে আবাসিক হল ও ভবনসমূহ পরিদর্শন, কারিগরি নিরীক্ষণ ও মূল্যায়ন কার্যক্রম সমাপ্ত করবে।
পরিদর্শন শেষে কারিগরি মূল্যায়ন প্রতিবেদন সকলের জন্য উন্মুক্ত করা হবে। এ সংক্রান্ত বিস্তারিত প্রতিবেদন প্রকৌশল দপ্তর ও সংশ্লিষ্ট হলে সংরক্ষিত থাকবে। কারিগরি মূল্যায়নে ভবনের ঝুঁকিপূর্ণ বিষয় চিহ্নিত হলে শিক্ষার্থীদের অন্যত্র সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হবে।


