চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আল-ফোরকানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তৌহিদুল ইসলাম।
সোমবার সকাল সাড়ে ১০টায় উপাচার্যের কার্যালয়ে এ সাক্ষাৎ হয়।
উচ্চশিক্ষা, যৌথ গবেষণা, শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়সহ আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়। চবির সঙ্গে বিদেশের বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সম্পর্ক জোরদার, যৌথ গবেষণা প্রকল্প পরিচালনা, শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি চালু এবং স্কলারশিপের সুযোগ সৃষ্টির বিষয়ে মতবিনিময় করেন তারা। পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়।
উপাচার্য মোহাম্মদ আল-ফোরকান রাষ্ট্রদূতকে বিশ্ববিদ্যালয়ে স্বাগত জানান। শিক্ষা ও গবেষণায় আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধিতে তার সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।
রাষ্ট্রদূত তৌহিদুল ইসলাম চবির একাডেমিক পরিবেশ ও সুনামের প্রশংসা করেন। ভবিষ্যতে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি।
সাক্ষাৎশেষে শিক্ষা, গবেষণা ও আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উভয় পক্ষ।


