অডিও কল রেকর্ড ছড়িয়ে পড়ার পর ডিএমপির ক্যান্টনমেন্ট থানা থেকে প্রত্যাহার করা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবকে জিজ্ঞাসাবাদ করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
অডিও কল রেকর্ড ফাঁস হওয়ার পর তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে ডিএমপি। কমিটির সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করছেন।
বৃহস্পতিবার রাতে তাকে নিজেদের হেফাজতে নেন গোয়েন্দারা। এর আগে এদিন সকালে ক্যান্টনমেন্ট থানার ওসির পদ থেকে সরিয়ে দেওয়া হয় পুলিশের এই কর্মকর্তাকে।
ডিএমপির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, রাকিবকে কিছু বিষয় জিজ্ঞাসাবাদ করতে ডিবি হেফাজতে নিয়েছে। তার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো যোগাযোগ আছে কি না এবং সরকারবিরোধী কোনো ষড়যন্ত্রে জড়িত কি না সেই বিষয়টি দেখা হচ্ছে।
এ ব্যাপারে জানতে ডিবিপ্রধান শফিকুল ইসলামকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
পুলিশ পরিদর্শক রাকিবুলের নামে প্রচারিত ওই অডিওতে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘রাস্তায় থাকা পুলিশ খুবই দুর্বল। শেখ হাসিনা যদি ডিসেম্বরে ফিরে আসে, তবে তারা কিছুই করতে পারবে না।’
অডিওতে ওই ব্যক্তি আরও দাবি করেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিএনপির দিকে ঝুঁকছেন, তবে মাঠপর্যায়ের পুলিশ সদস্যরা তা করছেন না। এ ছাড়া পুলিশের পদায়নে ঘুষ লেনদেনের অভিযোগ নিয়েও তাকে কথা বলতে শোনা যায়।


