রাজধানীর রামপুরায় ডাকাতির প্রস্তুতিকালে খেলনা পিস্তল, ওয়াকিটকি ও বিভিন্ন ব্যক্তির স্বাক্ষর করা ফাঁকা স্ট্যাম্পসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ বলছে, গ্রেপ্তার ছয়জন আলোচিত শীর্ষ সন্ত্রাসী পিচ্চি আলামিনের সহযোগী।
বৃহস্পতিবার ডিএমপি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে রামপুরা থানার কুঞ্জবন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. ইসা মোল্লা (২৮), তামিম তালুকদার ওরফে রবিন (৩০), গোলাম আযম (২৮), মো. রফিকুল ইসলাম জুয়েল (৪০), মো. শামীম রানা (৩৫) ও বাবুল ওরফে চোরা বাবুল (৪২)।
রামপুরা থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুঞ্জবন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে দুটি খেলনা পিস্তল, বিভিন্ন ব্যক্তির স্বাক্ষর করা ৩৪টি ফাঁকা স্ট্যাম্প, দুটি ওয়াকিটকি, একটি ল্যাপটপ, চারটি মোবাইল ফোন, একটি কসটেপ ও একটি ডিভিআর উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।


