কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে মো. সীমান্ত (১৮) নামে এক পর্যটক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্রোতের টানে ভেসে যাওয়ার সময় আরও দুই পর্যটককে মুমূর্ষু অবস্থায় জীবিত উদ্ধার করেছেন লাইফ গার্ডকর্মীরা।
শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে সৈকতের কলাতলী ও সুগন্ধা পয়েন্টের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাত সোয়া ৮টার দিকে একই পয়েন্টের সাগর থেকে নিখোঁজ সীমান্তকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।
নিহত মো. সীমান্ত কিশোরগঞ্জ জেলার শোলাকিয়া এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় ওয়ালী নেওয়াজ খান কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
জেলা প্রশাসনের নিয়োজিত বিচকর্মীদের সুপারভাইজার মাহবুব আলম জানান, গত ১৬ সেপ্টেম্বর কিশোরগঞ্জ থেকে সীমান্তসহ ১০ থেকে ১২ জনের একটি বন্ধু দল কক্সবাজারে বেড়াতে আসে। কক্সবাজার পৌঁছে তারা কলাতলী এলাকার হোটেল ওয়ার্ল্ড বিচ রিসোর্টে ওঠেন।
তিনি বলেন, ‘শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে বন্ধুরা মিলে সুগন্ধা ও কলাতলী পয়েন্টের মধ্যবর্তী স্থানে সাগরে গোসলে নামেন। একপর্যায়ে সীমান্তসহ তিনজন স্রোতের টানে ভেসে যেতে থাকেন। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে লাইফ গার্ডকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দুইজনকে মুমূর্ষু অবস্থায় জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও সীমান্ত ভেসে যান।”
মাহবুব আলম আরও বলেন, ঘটনার পর থেকে ঘটনাস্থলসহ আশপাশের বিভিন্ন এলাকায় লাইফ গার্ডকর্মী ও বিচকর্মীরা উদ্ধার তৎপরতা চালাতে থাকেন। একপর্যায়ে রাত সোয়া ৮টার দিকে একই পয়েন্টের সাগরে ভাসমান অবস্থায় সীমান্তকে উদ্ধার করা হয়।”
পরে তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ‘সাগরে গোসলে নেমে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
তিনি জানান, নিহতের স্বজনরা কক্সবাজারে পৌঁছালে মরদেহ হস্তান্তর করা হবে। এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে।


