কুমিল্লায় ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন গ্রেপ্তার তিন আসামি।
রোববার রাত সাড়ে ৮টার দিকে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম আবিদা সুলতানা মলির আদালতে আসামি তুহিন, ফাহাদ ও কামরুল ঘটনার দায় স্বীকার করে জবানবন্দি দেন। কুমিল্লা আদালতের পরিদর্শক সাদেকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, জবানবন্দিতে তারা তিনজনই অপ্রতিমকে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যার কথা স্বীকার করেছেন। হাতে আইফোন দিতে রাজি না হওয়ায় তার সঙ্গে ধস্তাধস্তি করা হয়। একপর্যায়ে মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে বাঁশ দিয়ে পিটিয়ে তার মৃত্যু নিশ্চিত করা হয়।
এর আগে রাত ৮টার দিকে তিন আসামিকে আদালতে সোপর্দ করে ডিবি। পরে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
কুমিল্লা আদালতের পরিদর্শক সাদেকুর রহমান বলেন, অপ্রিতম হত্যার ঘটনায় গ্রেপ্তার তুহিন, ফাহাদ ও কামরুল স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। রাত পৌনে ৯ টার দিকে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
গত শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে কুমিল্লার কোটবাড়ির বাসা থেকে বের হয় অপ্রতিম। এরপর আর বাড়ি ফেরেনি। দীর্ঘ সময়েও সন্ধান না পেয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় জিডি করে পরিবার। ছেলেকে খুঁজে পেতে সামাজিক যোগাযোগমাধ্যমে সহযোগিতা চান তার মা নাহিদা বেগম।
একদিন পর শনিবার বেলা ১১টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণে লালমাই পাহাড়ের গভীর জঙ্গলে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এ পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন>>>
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধার
রামিসার মতো দ্রুত বিচার পাবে অপ্রতিম: স্বরাষ্ট্রমন্ত্রী


