মাত্র ১২দিনের ব্যবধানে তিন শিক্ষার্থীকে হারিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি)। গত ৮ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট, ক্যান্সার ও নদীতে ডুবে তাদের মৃত্যু হয়।
সবশেষ রোববার রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদী থেকে চবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজিদ শাহারিয়ার সানমের (২৪) মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, রোববার সকালে নরসিংদী ও ঢাকা থেকে নয়জনের একটি পর্যটক দল কাপ্তাইয়ে যায়। পরে স্থানীয় গাইডের সঙ্গে তারা সীতা পাহাড়ে ট্র্যাকিংয়ে যান। পাহাড় ভ্রমণ শেষে দুপুরের দিকে সীতা ঘাটের পাথরঘাটা এলাকায় কর্ণফুলী নদীতে হাত-মুখ ধোয়ার সময় স্রোতের টানে সানম পানিতে তলিয়ে যান।
পরে কাপ্তাই থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরি দল উদ্ধার অভিযান চালায়। বিকাল ৪টা ৪০ মিনিটের দিকে পাথরঘাটা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
সানম নরসিংদীর রায়পুরা উপজেলার বাসিন্দা। তিনি ওই উপজেলার নাছির উদ্দীনের ছেলে।
এর একদিন আগে শনিবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটে চাঁদপুরে নিজ বাড়িতে মারা যান চবির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অনিক চন্দ্র দাস (২৪)।
জানা যায়, দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন অনিক। উন্নত চিকিৎসার জন্য তিনি ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসা শেষে সম্প্রতি দেশে ফিরে চাঁদপুরের নিজ বাড়িতে অবস্থান করছিলেন তিনি। পরে শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার দিবাগত রাতে তার মৃত্যু হয়।
এর আগে গত ৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের আব্দুর রব হলের সামনে ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান প্রাণিবিদ্যা বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরিফুল ইসলাম।
পরপর তিন শিক্ষার্থীর মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে।
নিহত শিক্ষার্থীদের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আল্-ফোরকান, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক মোহাম্মদ আল-আমীন এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. সফিকুল ইসলাম।
চবি উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক মোহাম্মদ আল-আমীন বলেন, ‘পরপর তরুণ প্রাণগুলো একসঙ্গে হারানো একটা অপূরণীয় ক্ষতি। আমরা তাদের রুহের মাগফেরাত কামনা করি। তারা যেন পরকালে ভালো থাকে।’
চবি উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আল্-ফোরকান বলেন, ‘মাত্র কয়েকদিনের দিনের ব্যবধানে আমরা বিশ্ববিদ্যালয়ের তিনজন মেধাবী শিক্ষার্থী হারিয়েছি। আমরা খুবই শোকাহত, বিশ্ববিদ্যালয় পরিবার তাদের আত্মার মাগফেরাত কামনা করছে।’


