নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে এক রিকশাচালককে আটক করে পুলিশে দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ওই রিকশাচালক প্রধান ফটকের সামনে দিয়ে যাওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছিলেন। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। পরে তাকে কোতোয়ালি থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আটক রিকশাচালক নিজের নাম মনির বলে জানিয়েছেন। তার বাড়ি বরগুনায়। তবে ছাত্রলীগের সঙ্গে তার কোনো ধরনের সম্পৃক্ততা আছে কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
ঘটনাস্থলে থাকা জবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রিয়াসাল রাকিব বলেন, নিষিদ্ধ ঘোষিত ও পলাতক আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে গতকাল শনিবার থেকে তারা ক্যাম্পাস ও আশপাশের এলাকায় অবস্থান করছেন। রোববার দুপুরে ওই রিকশাচালককে যাওয়ার সময় আটক করে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা একজনকে ধরে পুলিশের কাছে হস্তান্তর করেছেন।
আটকের পর তাকে মারধর করা হয়ে থাকতে পারে। এ কারণে তাকে প্রাথমিক চিকিৎসার জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। সুস্থ হওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান ওসি।


