জাল-জালিয়াতির মাধ্যমে তৈরি শিক্ষাগত যোগ্যতার সনদে চাকরি নেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সাবেক অফিস সহকারী মোহাম্মদ গোলাম মাওলার চাকরি শুরু থেকেই বাতিল হিসেবে গণ্য করা হয়েছে। সেই সঙ্গে চাকরিকালে বেতন হিসেবে পাওয়া ৪২ লাখ ৩ হাজার ৯০১ টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
হাইকোর্ট বিভাগের সাধারণ ও সংস্থাপন শাখার আদেশে বলা হয়েছে, জাল সনদের ভিত্তিতে চাকরি লাভের কারণে তার চাকরি শুরু থেকেই বাতিল হিসেবে গণ্য হবে। ফলে চাকরিকালে তিনি কোনো বেতন-ভাতা পাওয়ার অধিকারী নন।
আদেশ অনুযায়ী, ২০০৭ সালের ৩১ জানুয়ারি থেকে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত চাকরিকালে গোলাম মাওলা বেতন-ভাতা বাবদ মোট ৪২ লাখ ৩ হাজার ৯০১ টাকা উত্তোলন করেছেন। এই পুরো অর্থ আগামী ৩০ দিনের মধ্যে অটোমেটেড চালান সিস্টেমের মাধ্যমে সরকারি কোষাগারে ফেরত দিতে তাকে নির্দেশ দেওয়া হয়েছে।
আদেশে আরও বলা হয়, চাকরিকালে তার বিরুদ্ধে দায়ের করা ৯/২০২১ নম্বর বিভাগীয় মামলায় আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় সুপ্রিম কোর্ট এমপ্লয়িজ (ডিসিপ্লিন অ্যান্ড আপিল) রুলের সংশ্লিষ্ট বিধান অনুযায়ী মোহাম্মদ গোলাম মাওলাকে গত ২১ জানুয়ারি চাকরি থেকে অপসারণ করা হয়।
তার চাকরি শুরু থেকেই বাতিল হিসেবে গণ্য হওয়ায় চাকরিকালে প্রাপ্ত বেতন-ভাতাও তার প্রাপ্য নয় বলে আদেশে উল্লেখ করা হয়। গত ১৭ সেপ্টেম্বর জারি করা এই আদেশে স্বাক্ষর করেন হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার (সার্বিক ও আদি অধিক্ষেত্র)।


