কক্সবাজার শহরের জাদী পাহাড়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সাইফুল ইসলাম (৩১) নামে এক যুবক নিহত হয়েছেন।
রোববার দুপুর আড়াইটার দিকে কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বইল্ল্যাপাড়া সংলগ্ন জাদী পাহাড়ে এ ঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলাম কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম পাহাড়তলী এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের স্বজন ও স্থানীয়দের বরাতে ওসি বলেন, দুর্বৃত্তদের সঙ্গে সাইফুল ইসলামের পূর্বপরিচয় ছিল। সকাল ১০টার দিকে তারা সাইফুলকে ডেকে নিয়ে শহরের জাদী পাহাড়ে যায়। সেখানে তারা একসঙ্গে মদ পান করে।
তিনি জানান, একপর্যায়ে সাইফুলের সঙ্গে এক দুর্বৃত্তের তর্কাতর্কি হয়। পরে তারা হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এ সময় দুর্বৃত্তরা সাইফুলকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, ‘স্থানীয়রা ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় সাইফুলকে পড়ে থাকতে দেখে তার স্বজনদের মোবাইল ফোনে বিষয়টি জানায়। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
স্থানীয়ভাবে পাওয়া প্রাথমিক তথ্যের বরাতে ওসি বলেন, ‘সাইফুলের সঙ্গে দুর্বৃত্তদের মাদক লেনদেন ও মোটরসাইকেল বেচাকেনা নিয়ে পূর্ববিরোধ ছিল বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। এই বিরোধের জেরেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে পুলিশ ধারণা করছে।’
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান রয়েছে বলে জানান ওসি।


