রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানার দক্ষিণ দনিয়া এলাকায় পরিত্যক্ত অবস্থায় ১০টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। পরে বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা ককটেলগুলো নিষ্ক্রিয় করেন।
সোমবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিএমপি জানায়, রোববার বিকাল ৬টার দিকে দক্ষিণ দনিয়া কাঁচাবাজার এলাকার একটি ছয়তলা ভবনের নিচে গলির মুখে পুরোনো একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। সন্দেহ হওয়ায় ব্যাগটি তল্লাশি করে এর ভেতর থেকে ১০টি ককটেল উদ্ধার করা হয়।
পরে বিষয়টি ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটকে জানানো হলে সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেন। এরপর রাত ১০টা ২৫ মিনিটে যাত্রাবাড়ী থানার গোলাপবাগ মাঠে নিয়ম মেনে ককটেলগুলো নিষ্ক্রিয় করা হয়।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে যাত্রাবাড়ী থানা পুলিশ কাজ করছে বলে জানিয়েছে ডিএমপি।


