নরসিংদীতে বিনামূল্যে মদ না পেয়ে দোকানে পেট্রল ঢেলে আগুন দেওয়ার পাঁচ দিন পর মারা গেছেন ওই দোকানের দগ্ধ কর্মচারী তানভীর আহমেদ রাব্বি (৩০)।
বৃহস্পতিবার বিকালে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত রাব্বি নরসিংদী শহরের বাজির মোড় এলাকার লাইসেন্সধারী দেশীয় মদের দোকানের কর্মচারী ছিলেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বাবা মনির হোসেন ও নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৯ সেপ্টেম্বর দুপুরে শহরের বাজির মোড় এলাকায় লাইসেন্সধারী দেশীয় মদের দোকানে গিয়ে বিনামূল্যে ১০ লিটার মদ চান হোটেল নিরালার মালিক জাহাঙ্গীর সরকারের ছেলে জাহিদ সরকার ও তার সহযোগীরা। কিন্তু বিনামূল্যে মদ দিতে অস্বীকৃতি জানালে তারা কাউন্টারে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যান। এ সময় আগুনের ভয়াবহতায় ভেতরে থাকা কর্মচারী রাব্বি গুরুতর দগ্ধ হন। প্রথমে তাকে নরসিংদী সদর হাসপাতালে এবং পরবর্তী সময়ে অবস্থার অবনতি হলে ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় পাঁচ দিন লড়ে বৃহস্পতিবার বিকালে তার মৃত্যু হয়।
আগুনের ঘটনার পর গত রোববার রাব্বির মা মিনু বেগম নরসিংদী সদর মডেল থানায় হোটেল মালিক জাহাঙ্গীর সরকার ও তার ছেলে জাহিদ সরকারের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করে মামলা করেন।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার আশিকুর রহমান জানান, ‘চিকিৎসাধীন রাব্বির মৃত্যুর খবর আমরা শুনেছি। এ ঘটনায় রাব্বির মায়ের করা মামলাটি হত্যা মামলায় রূপান্তর হবে।’
তিনি জানান, আসামি হোটেল নিরালার মালিক জাহাঙ্গীর সরকার (৬০) ও কাজী তৌফিক আহমেদ ওরফে পিয়াসকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। মূল অভিযুক্ত জাহিদ সরকারকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।


