চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রীতিলতা ওয়াদ্দেদারের সংগ্রামী চেতনা ও বর্তমান সময়ে তার প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা সভা ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল।
বুধবার বিকাল সাড়ে ৫টায় শুরু হয়ে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে কর্মসূচিটি শেষ হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের চট্টগ্রাম মহানগরের সহসভাপতি মাহিদুল ইসলাম ইবাদ।
আলোচনা সভায় গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতারা বলেন, জুলাই-পরবর্তী সময়ে আন্দোলনের মাধ্যমে যে পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, তার সুফল ক্রমেই কিছু পুঁজিবাদী ও স্বার্থান্বেষী মহলের কুক্ষিগত হচ্ছে। এমন অস্থির ও সংকটময় সময়ে প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবন ও সংগ্রাম নতুন করে প্রাসঙ্গিক হয়ে ওঠে। অন্যায়কে স্বাভাবিক হিসেবে মেনে না নিয়ে তার বিরুদ্ধে দাঁড়ানোই মানুষের দায়িত্ব।
নেতারা আরও বলেন, প্রীতিলতাকে কেবল ইতিহাসের একটি অধ্যায়ের চরিত্র হিসেবে স্মরণ করলে তার প্রতি যথাযথ সম্মান দেখানো হবে না। বর্তমানের অন্যায়, বৈষম্য, শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে মানুষের মধ্যে প্রতিবাদী চেতনা জাগিয়ে তোলার মধ্য দিয়েই তার সংগ্রামকে ধারণ করতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্ম ও সংগ্রামী নারীদের মধ্যে তার সাহস, আত্মমর্যাদা ও প্রতিরোধের চেতনা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এ আয়োজন।
আলোচনা সভা শেষে বিশ্ববিদ্যালয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে প্রীতিলতা ওয়াদ্দেদারসহ সব সংগ্রামী মানুষের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানানো হয়।


