ট্রাকচালককে হত্যা/ শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জগঠন ফের পিছিয়ে ৮ অক্টোবর

শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জগঠন ফের পিছিয়ে ৮ অক্টোবর
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুরে মো. হোসেন নামে এক ট্রাকচালককে হত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ আসামির বিরুদ্ধে চার্জগঠন শুনানির তারিখ পিছিয়ে আগামী ৮ অক্টোবর ধার্য করেছে আদালত।

বৃহস্পতিবার ঢাকার চার নম্বর বিশেষ জজ আদালতের বিচারক রবিউল আলম নতুন এ তারিখ ধার্য করেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী বেলাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলার অন্যতম আসামি সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক কারাগারে রয়েছেন। বৃহস্পতিবার তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়া হয়। এ কারণে তাকে এই মামলায় আদালতে হাজির করতে পারেনি কারা কর্তৃপক্ষ। পরে চার্জগঠন শুনানির তারিখ পিছিয়ে দেয় আদালত।

আদালত সূত্রে জানা গেছে, মামলাটিতে শেখ হাসিনাসহ ৩৪ আসামির মধ্যে ১০ জন বর্তমানে কারাগারে আটক রয়েছেন।

আরও পড়ুন

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিতে নিহত হন মো. হোসেন।তিনি পেশায় ট্রাকচালক ছিলেন। গাবতলীতে ট্রাক রেখে বাসায় ফেরার পথে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

এ ঘটনায় ২০২৪ সালের ৩১ আগস্ট হোসেনের মা রীনা বেগম বাদী হয়ে মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন। পরে মামলাটি তদন্ত করে মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) আকরামুজ্জামান ২০২৫ সালের ২৩ নভেম্বর শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।

চার্জশিটভুক্ত আসামিদের মধ্যে রয়েছেন—সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান।

এ ছাড়া আসামিদের মধ্যে রয়েছেন আসিফ আহমেদ, তারেকুজ্জামান রাজিব, শেখ বজলুর রহমান, নুর মোহাম্মদ সেন্টু, তোফায়েল সিদ্দিক ওরফে তুহিন, রহমান মিয়া ওরফে এ কে এম অহিদুর রহমান, পলাশ, ওলিউর রহমান, খলিলুর রহমান, ইমন, এস এম রিয়াজুল হক তামিম, মাসুদুর রহমান বিপ্লব, আব্দুস সাত্তার ভূইয়া ওরফে এম এ সাত্তার, পারভেজ ওরফে গোল্ডেন পারভেজ, সুমন মিয়া ওরফে কাইল্লা সুমন, মিলন হোসেন, সোহেল ওরফে ভূইয়া সোহেল ওরফে বুনিয়া সোহেল, সলিম উল্লাহ সলু, ইরফান, মুহাম্মদ বদিউল আলম ওরফে বদিউজ্জামান, ফুরকান হোসেন, শাহজাহান খান, সাজ্জাদ হোসেন, ফারুক হোসেন অভি ও নাইমুল হাসান রাসেল।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad