১৪ মাস রিচার্জ ছাড়া বিদ্যুৎ ব্যবহার, যুবদল নেতার বিরুদ্ধে মামলা

১৪ মাস রিচার্জ ছাড়া বিদ্যুৎ ব্যবহার, যুবদল নেতার বিরুদ্ধে মামলা
নালিতাবাড়ী শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক রুকনুজ্জামান রুকন। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

শেরপুরের নালিতাবাড়ীতে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক রুকনুজ্জামান রুকনের বিরুদ্ধে ২ লাখ ২৪ হাজার টাকা জরিমানা ধার্য করে ময়মনসিংহের বিদ্যুৎ আদালতে মামলা করেছে নালিতাবাড়ী বিদ্যুৎ বিভাগ।

মঙ্গলবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন নালিতাবাড়ী বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী আব্দুল মোমিন।

বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, নালিতাবাড়ী শহরের আড়াইআনী বাজারে রুকনুজ্জামানের নামে একটি বৈধ প্রিপেইড বিদ্যুৎ সংযোগ রয়েছে। তবে ওই মিটারে প্রায় ১৪ মাস ধরে কোনো টাকা রিচার্জ করা হয়নি।

বিষয়টিতে সন্দেহ হলে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা সংযোগটি পরিদর্শন করেন। অনুসন্ধানে দেখা যায়, বৈধ সংযোগের পাশাপাশি কৌশলে একটি অবৈধ লাইন টেনে বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছিল, যার ফলে মিটারে ব্যবহারের হিসাব উঠছিল না।

আরও পড়ুন

এ ঘটনায় রোববার রুকনুজ্জামানের বিরুদ্ধে ২ লাখ ২৪ হাজার টাকা জরিমানা করে আদালতে মামলা করা হয়। একই সঙ্গে পরিদর্শনকালে বিদ্যুৎ বিভাগের কর্মীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগও আনা হয়েছে তার বিরুদ্ধে।

নালিতাবাড়ী বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী আব্দুল মোমিন জানান, তদন্ত ও পরিদর্শনে বিদ্যুৎ চুরির প্রমাণ পাওয়ায় বিধি অনুযায়ী জরিমানা ও মামলা করা হয়েছে। তবে অভিযোগের বিষয়ে রুকনুজ্জামান রুকনের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে শেরপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক শওকত হোসেন জানান, দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুর্নীতির বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করেন। অভিযোগ সত্য হলে অভিযুক্ত নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad