ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ত্রিশিতা মওলাসহ একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে।
মঙ্গলবার দুপুর ১২টায় ডিএমপি কমিশনারের কার্যালয়ে এ সাক্ষাৎ হয়।
সাক্ষাতে বিশেষায়িত পুলিশ ইউনিটের সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ ও পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
জিএসএফ হাইতি মিশনে ডিএমপির সোয়াট সদস্য ও বোম্ব টেকনিশিয়ান সরবরাহ করায় মার্কিন প্রতিনিধিদল ডিএমপি কমিশনারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায়। ভবিষ্যতেও প্রশিক্ষণ ও পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করে তারা।
রাজধানীর পুরো কূটনৈতিক এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে স্পিয়ার টিম গঠন করায় ডিএমপির প্রতিও কৃতজ্ঞতা জানায় মার্কিন প্রতিনিধিদল।
ডিএমপি কমিশনার সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট ও কে-নাইন টিমের মতো বিশেষায়িত ইউনিট গঠন এবং বাংলাদেশে উগ্রবাদ দমনে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক সহযোগিতার জন্য মার্কিন প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান।
সাক্ষাৎ শেষে মার্কিন প্রতিনিধিদল ডিএমপির সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট ও কে-নাইন টিমের কার্যক্রম পরিদর্শন করে। এ সময় সংশ্লিষ্ট ইউনিটগুলোর কার্যক্রম, সক্ষমতা ও ব্যবহৃত বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে তাদের অবহিত করা হয়।
মার্কিন প্রতিনিধিদলে ছিলেন আঞ্চলিক নিরাপত্তা কর্মকর্তা ও ভারপ্রাপ্ত উপমিশন প্রধান লোগান কলিন্স, সহকারী আঞ্চলিক নিরাপত্তা কর্মকর্তা স্টুয়ার্ট সুলিভান ও জ্যেষ্ঠ নিরাপত্তা তদন্ত কর্মকর্তা জাহিদ হাবিব।
এ সময় উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আবুল বাশার তালুকদার, অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ ওসমান গণিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।


