কক্সবাজারের চকরিয়া উপজেলায় ছাত্রদল নেতা জিসান হত্যার ঘটনায় দুই নারীসহ সাতজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
মঙ্গলবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান।
তিনি জানান, মামলায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চকরিয়ার সুবজবাগ এলাকা থেকে চারজনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছিল। কিন্তু তারা অভিযোগভুক্ত না হওয়ায় রাতেই ছেড়ে দেয়া হয়।
ওসি জানান, মামলাটি তদন্তাধীন রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
নিহতের বাবা নাজেম উদ্দিন বলেন, ‘আমার ছেলেকে অপহরণের পর নির্যাতন চালিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি এই হত্যাকাণ্ডের বিচার চাই।’
গত রোববার রাত সাড়ে ১১টার দিকে চকরিয়ার কাকারা মাঝের স্টেশন এলাকা থেকে একটি সাদা মাইক্রোবাসে করে অজ্ঞাত ব্যক্তিরা ছাত্রদল নেতা ইসফাতুল ইসলাম জিসানকে তুলে নিয়ে যায়। তুলে নেয়ার প্রায় চার ঘন্টা পর কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের কচ্ছপিয়া ঢালা এলাকা থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।


