অস্ট্রেলিয়ার বিপক্ষে পিছিয়ে পড়েও ৪-২ গোলের জয় পেয়েছে ব্রাজিল। দুর্দান্ত জয় সত্ত্বেও ব্রাজিল ও স্প্যানিশ ক্লাব বার্সেলোনা শিবিরে নতুন করে দুশ্চিন্তা তৈরি হয়েছে উইঙ্গার রাফিনিয়ার চোট নিয়ে।
ব্রিসবেনের সানকর্প স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে প্রথমার্ধে পেনাল্টি থেকে গোল করেছিলেন রাফিনিয়া। তবে ডান উরুর পেশিতে অস্বস্তি অনুভব করায় বিরতির পর আর মাঠে নামেননি তিনি। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাকে তুলে নেওয়া হয় বলে জানিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন।
ম্যাচ শেষে পাওয়া তথ্য অনুযায়ী, এখনই বড় কোনো চোটের নিশ্চিত খবর না পাওয়া গেলেও বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষার পর তার চোটের ধরণ ও মাঠের বাইরে থাকার সময় সম্পর্কে স্পষ্ট জানা যাবে।
বার্সেলোনার জন্য রাফিনিয়ার এই চোট বিশেষভাবে চিন্তার বিষয়। চলতি মৌসুমের শুরুতে দারুণ ফর্মে থাকা এই ব্রাজিলিয়ান এখন পর্যন্ত ৮টি প্রতিযোগিতামূলক ম্যাচে ১৪টি গোল করেছেন।
এর আগে টাউনসভিলে আন্তর্জাতিক বিরতিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন রাফিনিয়া। ১-১ গোলে ড্র হওয়া ওই ম্যাচের যোগ করা সময়ে তার নেওয়া কর্নার থেকেই গোল করে দলকে হার থেকে বাঁচিয়েছিলেন রায়ান।


