এশিয়ান গেমসের শেষ চারে উঠেছে বাংলাদেশ। কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় মাঠে না নেমেই সেমিফাইনালে ওঠে বাংলাদেশ। বৃষ্টির কারণে হংকং, চীনের বিপক্ষে ম্যাচ খেলতে পারেনি পাকিস্তানও। তারাও মাঠে না নেমে শেষ চারে উঠেছে।
নিসশিনে আবহাওয়া কিছুটা ভালো হওয়ায় বুধবার অনুশীলন করেছে বাংলাদেশ। ইয়াসির আলী চৌধুরী জানান, জাপানে আসার পর এই প্রথম রোদ দেখেছে দল।
ইয়াসির বলেন, ‘আলহামদুলিল্লাহ, জাপানে আসার পর এটাই মনে হয় প্রথমবার রোদ দেখলাম। ভালো লাগছে। আজ মাঠে গিয়ে ভালোভাবে অনুশীলন করতে পেরেছি।’
টানা বৃষ্টিতে বাংলাদেশের প্রস্তুতিও ব্যাহত হয়েছে। তবে মানসিকভাবে প্রস্তুত থাকার চেষ্টা করেছেন খেলোয়াড়েরা। পরিকল্পিত জিম সেশন করা সম্ভব হয়নি। সময় কাজে লাগাতে ফুটবল মাঠে অনুশীলন করেছেন তারা। খেলেছেন ফুটবলও।
অসুস্থতার কারণে টুর্নামেন্টের বাকি অংশ থেকে ছিটকে গেছেন নাজমুল হোসেন শান্ত। তার অনুপস্থিতি দুর্ভাগ্যজনক বলে জানিয়েছেন ইয়াসির। তবে এখন দলে থাকা খেলোয়াড়দের নিয়েই মনোযোগ দিতে চান তিনি।
ইয়াসির বলেন, ‘অসুস্থতার কারণে শান্ত চলে যাচ্ছে, এটা দুর্ভাগ্যজনক। তবে যা হওয়ার হয়ে গেছে। এখন সামনে কী আছে, সেটাতেই আমাদের মনোযোগ দেওয়া উচিত।’
পাকিস্তানকে দুর্বল ভাবার সুযোগ নেই বলেও জানান ইয়াসির। তার মতে, নিজেদের পারফরম্যান্স দিয়েই জয় নিশ্চিত করতে হবে বাংলাদেশকে।
তিনি বলেন, ‘আমি বলব না তারা সমস্যায় আছে। তারা খুব ভালো দল। যে দল ভালো খেলবে, তারাই জিতবে। আমরা নিজেদের সেরাটা দেব।’
পাকিস্তানের বিপক্ষে পরিকল্পনায় বড় কোনো পরিবর্তন আনতে চান না ইয়াসির। তিনি বলেন, ‘প্রতিটি দলের বিপক্ষেই আমাদের প্রক্রিয়া ধরে রাখা উচিত। ইতিবাচক ক্রিকেট খেলতে হবে। বাকিটা অনেকটাই উইকেট ও আবহাওয়ার ওপর নির্ভর করবে।’
বৃহস্পতিবার নিসশিনের কোরোগি স্পোর্টস পার্কে সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। জয়ী দল স্বর্ণপদকের ম্যাচে খেলবে।


