আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ভারতের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে ব্রাজিল। শনিবার কলকাতার সল্টলেক স্টেডিয়ামে স্বাগতিক ভারতকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ম্যাচের শুরুর দিকে ব্রাজিলকে ভালোভাবেই সামলেছিল ভারত। ৯ মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের শট দারুণভাবে ঠেকিয়ে দেন স্বাগতিক গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধু। তবে ২৮ মিনিটে ভারতীয় রক্ষণ ভেদ করে গিয়ে বাঁ পায়ের নিখুঁত শটে ব্রাজিলকে এগিয়ে নেন এস্তেভাও। এরপর বিরতির ঠিক আগে বক্সের ভেতর এস্তেভাওয়ের পাস থেকে গোল করে ব্যবধান ২-০ করেন পেদ্রো।
দ্বিতীয়ার্ধে ভারতের হয়ে মাঠে নামেন প্রভসুখান গিল, যার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় এই গোলরক্ষকের। দ্বিতীয়ার্ধের শুরুতে স্বাগতিকরা আক্রমণাত্মক হয়ে ওঠার চেষ্টা করলেও ৫৮ মিনিটে নিজেদের বক্সের কাছে বল হারিয়ে বসে। সেই সুযোগ কাজে লাগিয়ে বল জালে পাঠিয়ে ব্রাজিলের ব্যবধান ৩-০ করেন স্যামুয়েল লিনো।
ম্যাচের শেষ দিকে ভারত কয়েকটি সুযোগ নষ্ট করার পর যোগ করা সময়ের ৯৫ মিনিটে আবারও গোল করেন লিনো। তার জোড়া গোলে ৪-০ ব্যবধানের বড় জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে সেলসাওরা।


