২০২৭ অস্ট্রেলিয়ান ওপেনে ফিরছে ‘১ পয়েন্ট স্ল্যাম’। আগামী আসরে এই অভিনব প্রতিযোগিতায় অংশ নেবেন কার্লোস আলকারাজ, কোকো গফ, নাওমি ওসাকা ও ইয়ানিক সিনার।
চলতি বছর মেলবোর্ন পার্কে প্রথমবার অনুষ্ঠিত হয় ‘১ পয়েন্ট স্ল্যাম’। অস্ট্রেলিয়ান ওপেন শুরুর আগে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নেন ২৪ জন পেশাদার খেলোয়াড়। তাদের সঙ্গে ছিলেন ২৪ জন অপেশাদার ও সেলিব্রিটি ওয়াইল্ডকার্ড।
প্রতিটি ম্যাচে ছিল মাত্র একটি পয়েন্ট। সেই পয়েন্ট জিতলেই পরের রাউন্ডে যাওয়া, হারলেই বিদায়।
এবার তারকাদের পেছনে ফেলে চমক দেখান অপেশাদার জর্ডান স্মিথ। দর্শকভর্তি রড লেভার অ্যারেনায় প্রতিপক্ষদের হারিয়ে তিনি শিরোপা জেতেন। পুরস্কার হিসেবে পান ১০ লাখ অস্ট্রেলিয়ান ডলার, প্রায় ৬ লাখ ৭০ হাজার মার্কিন ডলার।
টেনিস অস্ট্রেলিয়ার টম লার্নার বলেন, ‘তৃণমূল পর্যায়ের টেনিস খেলোয়াড়দের বড় তারকাদের সঙ্গে একই মঞ্চে খেলার সুযোগ তৈরি করে এই আয়োজন।’
তিনি আরও বলেন, ‘কার্লোস আলকারাজ, কোকো গফ, নাওমি ওসাকা ও ইয়ানিক সিনারের মতো তারকাদের অংশগ্রহণের পাশাপাশি সাধারণ অস্ট্রেলীয়দের যুক্ত করা এই আয়োজনের মূল ভাবনাকে তুলে ধরে।’
অপেশাদার খেলোয়াড়দের মধ্যে অস্ট্রেলিয়ার আটটি রাজ্য ও অঞ্চলে অনুষ্ঠিত চ্যাম্পিয়নশিপের বিজয়ীরা থাকবেন। আরও আটজন বাছাইপর্ব পেরিয়ে মূল প্রতিযোগিতায় জায়গা পাবেন।
২০২৬ অস্ট্রেলিয়ান ওপেনে ১৩ লাখের বেশি দর্শক উপস্থিত ছিলেন। ২০২৭ সালের আসরে দর্শকদের জন্য আসন ও দেখার সুযোগ আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে আয়োজকদের। টুর্নামেন্টটি ১৭ থেকে ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে।


