২০৩০ পর্যন্ত আর্সেনালেই থাকছেন আরতেতা

২০৩০ পর্যন্ত আর্সেনালেই থাকছেন আরতেতা
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন আর্সেনালের সঙ্গে দীর্ঘমেয়াদি নতুন চুক্তি সই করেছেন কোচ মিকেল আরতেতা। বুধবার ক্লাব কর্তৃপক্ষের প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, নতুন চুক্তি অনুযায়ী ২০৩০ সাল পর্যন্ত উত্তর লন্ডনের দলটির ডাগআউটে থাকবেন এই স্প্যানিশ মাস্টারমাইন্ড।

৪৪ বছর বয়সী আরতেতা ২০১৯ সালের ডিসেম্বরে আর্সেনালের ম্যানেজারের দায়িত্ব নেন। বর্তমানে প্রিমিয়ার লিগে সবচেয়ে দীর্ঘ সময় ধরে কোনো ক্লাবের দায়িত্বে থাকা কোচ তিনি। তার সফল দূরদর্শিতায় দীর্ঘ ২২ বছরের খরা কাটিয়ে গত মৌসুমে আবারও ইংল্যান্ডের শীর্ষ লিগের শিরোপা ঘরে তোলে আর্সেনাল।

নতুন চুক্তির পর উচ্ছ্বসিত আরতেতা জানান, ‘আমরা ক্লাব ও সমর্থকদের মধ্যে বিশেষ এক বন্ধন তৈরি করেছি এবং এমন কিছু স্মৃতি গড়েছি যা চিরস্মরণীয়। তবে সবচেয়ে আনন্দের বিষয় হলো, আমরা সবাই মিলে একসঙ্গে যা অর্জন করতে পারি, তার তো কেবল সূচনা হলো।’

খেলোয়াড়ি জীবনের শেষ পাঁচ বছর আর্সেনালেই কাটানো এই কোচের প্রতি গভীর আস্থা প্রকাশ করেছেন ক্লাবের সহসভাপতি স্ট্যান ও জশ ক্রোয়েনকে।

এক যৌথ বার্তায় তারা বলেন, ‘আর্সেনালের মূল্যবোধ সম্পর্কে তার গভীর ধারণা রয়েছে এবং তিনি তা হৃদয়ে ধারণ করেন। এই ক্লাবের সঙ্গে যুক্ত সবার অনুভূতির মর্যাদা তিনি বোঝেন। একসঙ্গে আমরা যা অর্জনে সক্ষম হয়েছি, তাকে ভিত্তিমূল বানিয়ে ক্লাবকে আরও উঁচুতে নিয়ে যেতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad