আর্জেন্টিনার হয়ে লিওনেল মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচকে স্মরণীয় করে রাখতে এক অনন্য উদ্যোগ নিয়েছে বেনিন। মনুমেন্টাল স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রীতি ম্যাচের আগে মেসি ও তার পরিবারের হাতে বিশেষ উপহার তুলে দেন আফ্রিকার দেশটির ফুটবলাররা।
স্প্যানিশ ভাষায় বক্তব্য রেখে উপহার তুলে দেন বেনিনের সহঅধিনায়ক সেসি দা আলমিইদা। উপহারের মধ্যে ছিল খেলোয়াড়দের সই করা চিঠি, ফুল এবং বেনিনের ঐতিহ্যবাহী একটি ছোট মূর্তি।
বিশেষ গুরুত্ববহ এই মূর্তিটি বেনিনের সবচেয়ে বড় শহর কোটোনুর ‘আমাজন স্মারক’-এর অনুকরণে তৈরি। সাবেক দাহোমে রাজ্যের ‘আগোজি’ নামে পরিচিত নারী যোদ্ধাদের সাহস ও শক্তির প্রতীক এই স্মারক। মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর হাতে মূর্তিটি তুলে দিয়ে বেনিন দল প্রতীকী বার্তা দেয়–পরিবারকে আগলে রাখা নারী মূল রক্ষক, যিনি ‘রাজাকে রক্ষা করবেন’।
অনুষ্ঠানে চোটের কারণে ম্যাচে খেলতে না পারা বেনিন অধিনায়ক স্টিভ মুনিমিও উপস্থিত ছিলেন এবং মেসির হাতে নিজেদের জাতীয় দলের জার্সি তুলে দেন। ফরাসি ফুটবলে পিএসজির হয়ে খেলার সময় মুনিমির ব্রেস্ট দলের বিপক্ষে খেলার স্মৃতি রয়েছে মেসির।
বেনিনের এই শ্রদ্ধার রাতে আন্তর্জাতিক ফুটবলে দুই দশকের বর্ণিল ক্যারিয়ারের ইতি টানলেন মেসি। দেশের হয়ে নিজের শেষ ম্যাচে পেনাল্টি থেকে ১টি গোল করে ৩-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়েন এই মহাতারকা।


