বড়পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ এবার বাস্তবেও পূর্ণমন্ত্রীর সমতুল্য মর্যাদা পেলেন। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে অভিনেতা ও রাজনীতিক মিঠুন চক্রবর্তীকে। ওই পদ ক্যাবিনেট মন্ত্রীর সমতুল্য।
উত্তম কুমারের জন্মশতবর্ষ উদ্যাপনের সরকারি অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এ বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন। বুধবার সরকারি বিজ্ঞপ্তিতে মিঠুনকে নিয়োগের বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অবিলম্বে এ নিয়োগ কার্যকর হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে। রাজ্যের মুখ্যসচিব মনোজকুমার অগ্রবালের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজ্যপালের আদেশক্রমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের ভিত্তিতে মিঠুনকে এ পদ দেওয়া হয়েছে।
বর্তমানে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতর মুখ্যমন্ত্রী শুভেন্দুর হাতে। দপ্তরের উপদেষ্টা হিসেবে মিঠুন কী দায়িত্ব পালন করবেন, তা এখনো স্পষ্ট নয়।
নতুন সরকারের আমলে টলিপাড়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠকে মিঠুনকে দেখা গেছে। আগামী ১৬ ডিসেম্বর শুরু হচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এরই মধ্যে উৎসবের কমিটির মুখ্য উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন তিনি।
সম্প্রতি নিউটাউনে নির্মিতব্য উত্তম কুমার ফিল্ম সেন্টারের শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। সেখানেই মিঠুনকে ফিল্ম সেন্টারের উপদেষ্টা হিসেবে ঘোষণা করেন শুভেন্দু। তিনি জানিয়েছিলেন, শিগগিরই আরও বড় ভূমিকায় দেখা যাবে ‘মহাগুরু’কে।
২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেন মিঠুন। এর আগে তৃণমূলের টিকিটে রাজ্যসভার সাংসদ ছিলেন তিনি। মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি পদত্যাগ করেন।
গত পাঁচ বছরে বিজেপির হয়ে বিভিন্ন নির্বাচনী প্রচারে তারকাপ্রচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন এই অভিনেতা-রাজনীতিক।


