আবুধাবি টেস্ট: প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ৩১৭

আবুধাবি টেস্ট: প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ৩১৭
ছবি: বিসিবি
Advertisement
Advertisement

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিন শেষে ৮ উইকেটে ৩১৭ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৮৪ ওভারে এই রান তোলে সফরকারী দল। তানজিদ ৮৩, সাদমান ৬৭ ও লিটন ৫৩ রান করেন।

দিনের শুরুটা দুর্দান্ত করেছিল বাংলাদেশ। দুই ওপেনার সাদমান ইসলাম ও তানজিদ হাসানের ব্যাটে ১৩৮ বলে আসে ১২৪ রানের উদ্বোধনী জুটি। আক্রমণাত্মক ব্যাটিংয়ে আফগান বোলারদের ওপর শুরু থেকেই চাপ সৃষ্টি করেন তানজিদ। মাত্র ৪১ বলে টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশতক পূর্ণ করেন তিনি।

হাফ সেঞ্চুরির পর নিজের ইনিংস বড় করেছেন তানজিদ। তবে সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে আফগানিস্তান পেসার ইসমত আলমের বলে উইকেটরক্ষক ইকরাম আলিখিলকে ক্যাচ দেন তিনি। ৭১ বল খেলে ৮টি চার ও ৪টি ছক্কায় ৮৩ রান করেন তানজিদ।

২৩তম ওভারের পঞ্চম বলে দলীয় ১২৪ রানে তানজিদ ফেরার পর মমিনুল হককে নিয়ে ৬০ রানের জুটি গড়েন সাদমান। এই জুটিতে ৯৪ বলে টেস্ট ক্যারিয়ারের নবম অর্ধশতকের দেখা পান সাদমান। আফগানিস্তানের পেসার মোহাম্মদ সালিমের বলে আউট হওয়ার আগে ৭টি চারে ১১১ বলে ৬৭ রান করেন তিনি।

সাদমান ফেরার পর অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে ৩৭ রানের জুটিতে বাংলাদেশের রান ২০০ পার করেন মমিনুল। উইকেটে সেট হয়ে ৪টি চারে ব্যক্তিগত ৩৯ রানে থামেন তিনি।

২২১ রানে তৃতীয় ব্যাটার হিসেবে মমিনুলের আউটের পর দ্রুত ২ উইকেট হারায় বাংলাদেশ। ৪ রানের ব্যবধানে ৩ উইকেট পতন হয় টাইগারদের। মুশফিকুর রহিম শূন্য ও শান্ত ২৯ রানে আউট হন।

আরও পড়ুন

২২৫ রানে পঞ্চম উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। দলকে চাপমুক্ত করতে আফগানিস্তানের বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তোলন লিটন দাস ও মেহেদি হাসান মিরাজ। তাদের ১৩০ বলে ৬২ রানের জুটিতে ৩০০’র কাছাকাছি পৌঁছে যায় বাংলাদেশ। ২৪ রান করা মিরাজকে বোল্ড করে জুটি ভাঙেন ইসমত।

দলের রান ৩০০ পার করে সালিমের দ্বিতীয় শিকার হয়ে সাজঘরের পথ ধরেন লিটন। ২১তম হাফ সেঞ্চুরির ইনিংসে ৪টি চারে ৮৯ বলে ৫৩ রান করেন তিনি।

নতুন ব্যাটার হিসেবে ক্রিজে এসে ২ রানে বিদায় নেন হাসান মাহমুদ। এতে ৩০৫ রানে অষ্টম উইকেট হারায় বাংলাদেশ।

এরপর নবম উইকেটে ২৪ বলে ১২ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিনের খেলা শেষ করেন নাইম হাসান ও তাইজুল ইসলাম। নাইম ১১ ও তাইজুল ৪ রানে অপরাজিত আছেন।

বল হাতে আফগানিস্তানের সালিম ৩টি, আহমাদজাই ও ইসমাত ২টি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ প্রথম ইনিংস: ৩১৭/৮, ৮৪ ওভার (তানজিদ ৮৩, সাদমান ৬৭, লিটন ৫৩, মমিনুল ৩৯, শান্ত ২৯, মিরাজ ২৪, সেলিম ৩/৭০, ইসমাত ২/২০)।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad