গাজীপুরের সাফারি পার্ক থেকে দুটি লেমুর চুরির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। একই সঙ্গে পার্কে থাকা বন্যপ্রাণীদের যথাযথ পরিচর্যা ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন তিনি।
শুক্রবার গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যান ও সাফারি পার্ক পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সাফারি পার্ক থেকে দুটি লেমুর চুরির ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এ ঘটনায় যারা দায়ী, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি পার্কের অন্যান্য প্রাণীর নিরাপত্তা, সঠিক পরিচর্যা এবং সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।
পরিদর্শনকালে ভাওয়াল জাতীয় উদ্যানের উন্নয়ন এবং দর্শনার্থীদের বিনোদন সুবিধা বাড়ানোর বিষয়েও গুরুত্বারোপ করেন বনমন্ত্রী।
তিনি জানান, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে দর্শনার্থীদের জন্য পার্ককে আরও আকর্ষণীয় ও উপভোগ্য করে তুলতে শিগগিরই প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।


