সাভারে একটি সিএনজি ফিলিং স্টেশনে ট্রাকের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিন জন আহত হয়েছেন।
মঙ্গলবার বিকেলে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজারের সালেহপুর এলাকার অনলাইন ফিলিং স্টেশন (সিএনজি ) লিমিটেডে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন বিল্লাল (২৬), আব্দুর রহমান (৩০) ও মুন্নু (৫০)। তারা তিনজনেই ওই সিএনজি স্টেশনের কর্মচারী।
আহতরা জানান, বিকালে একটি ট্রাকে গ্যাস দেওয়ার সময় বিকট শব্দে ট্রাকের সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। এতে তারা তিনজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। গ্যাস দেওয়ার সময় ট্রাকে কেউ ছিল না বলেও জানান আহত কর্মীরা।
এনাম মেডিকেলের ডিউটি ডাক্তার রাকিব আল মাহমুদ শুভ জানান, তারা তিনজন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের চিকিৎসা চলছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম।


