ইবনে সিনা ও ভবন মালিককে ৪০ লাখ টাকা জরিমানা

ইবনে সিনা ও ভবন মালিককে ৪০ লাখ টাকা জরিমানা
চট্টগ্রামে ইবনে সিনা হাসপাতালে চউকের অভিযান। ছবি: টাইমস
Advertisement
Advertisement

চট্টগ্রামের হাসপাতালকেন্দ্রিক যানজট নিরসন ও পার্কিং ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে এবার জরিমানার মুখে পড়েছে ইবনে সিনা হাসপাতাল ও সংশ্লিষ্ট ভবনের মালিক। বারবার সতর্ক করা এবং প্রয়োজনীয় সংশোধনের জন্য সময় দেওয়ার পরও পরিস্থিতির দৃশ্যমান উন্নতি না হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষকে ২০ লাখ টাকা ও ভবনমালিককে ২০ লাখ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)। একই অভিযানে খান ব্রাদার্স পেট্রোল পাম্পকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার চউকের অথরাইজড অফিসার-১ ও স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত সংক্ষিপ্ত বিচার আদালতে এসব জরিমানা করা হয়।

চউক সূত্র জানিয়েছে, নগরের মেহেদিবাগ থেকে প্রবর্তক হয়ে মির্জাপুল পর্যন্ত হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকেন্দ্রিক যানজট কমাতে বিশেষ কার্যক্রম নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করে পার্কিং ব্যবস্থাপনার উন্নয়ন ও প্রয়োজনীয় অবকাঠামোগত সংশোধনের নির্দেশ দেওয়া হয়।

গত ৬ আগস্ট ইবনে সিনা হাসপাতাল পরিদর্শন করে সংশোধনের নির্দেশ দিয়েছিল চউক। এরপর দুই মাসের বেশি সময় পেরিয়ে গেলেও দৃশ্যমান অগ্রগতি না থাকায় গত ১৩ অক্টোবর হাসপাতালটি আবার পরিদর্শন করেন চউক চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন। এ সময় পরিস্থিতির উন্নতি না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন তিনি। এর পর দিনই হাসপাতাল কর্তৃপক্ষ ও ভবনমালিকের বিরুদ্ধে জরিমানার পদক্ষেপ নেওয়া হলো।

আরও পড়ুন

হাসপাতালকেন্দ্রিক যানজট ও পার্কিং সমস্যা সমাধানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আগেও একাধিকবার নির্দেশনা দেওয়া হয়েছিল। গত ১০ সেপ্টেম্বর ২৬টি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং বিভিন্ন সেবাদানকারী সংস্থার প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা করে চউক। সভায় যানজট কমানো ও পার্কিং সমস্যার সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়।

চউক চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, ‘আমি পিছু হটার লোক নই। আইন সবাইকে মানতে হবে। প্রধানমন্ত্রী আমাকে নান্দনিক চট্টগ্রাম গড়ার দায়িত্ব দিয়ে এই চেয়ারে বসিয়েছেন। সেই লক্ষ্য বাস্তবায়নে আমি সর্বোচ্চ চেষ্টা করে যাব।’

তিনি বলেন, হাসপাতালগুলোতে পর্যাপ্ত পার্কিংয়ের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। চিকিৎসাসেবা নিতে এসে সাধারণ মানুষ যেন যানজটের দুর্ভোগে না পড়েন, তা নিশ্চিত করা জরুরি। বারবার সতর্ক করার পরও যেসব প্রতিষ্ঠান প্রয়োজনীয় সংশোধন করবে না, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নগরের যানজট নিরসন ও নাগরিকদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে পার্কিং ব্যবস্থাপনায় শৃঙ্খলা প্রতিষ্ঠার কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান চউক চেয়ারম্যান।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad