নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যা মামলায় আশিকুর রহমান প্রাঙ্গন নামে আরেক সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার দুপুরে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-১৪) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার প্রাঙ্গন নেত্রকোণা জেলার দূর্গাপুর উপজেলার বাগিচাপাড়া এলাকার বাসিন্দা। তাকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে দুর্গাপুর পৌর এলাকার শহীদ মিনারের কাছে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ময়মনসিংহের এসআরবি-১৪-এরএকটি আভিযানিক দল।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাংবাদিক আলিফ হত্যাকাণ্ডের পর থেকেই এসআরবি-১৪ ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি চালিয়ে আসছিল। এ ঘটনায় জড়িত অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে গত ১৮ অক্টোবর হত্যাকাণ্ডের অন্যতম সন্দেহভাজন অপূর্বকে গ্রেপ্তার করে পুলিশ। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, অপূর্বকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের মূল রূপকারদের বিষয়ে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসতে শুরু করেছে। তিনি মূল শ্যুটার তাজুল এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন।
গত ১৫ অক্টোবর রাত সোয়া ৮টার দিকে দুর্গাপুর উপজেলার তেলঞ্জিয়া এলাকার একটি দোকানে চা পান শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন সাংবাদিক আলিফ ফকির। তিনি বেসরকারি ইন্টারনেট প্রটোকল টেলিভিশন (আইপিটিভি) চ্যানেল রূপসী বাংলার নেত্রকোণা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামের একটি ফেসবুক পেজে বিভিন্ন অপরাধ ও অনিয়ম নিয়ে লেখালেখি করতেন।
এ ঘটনায় পরদিন শুক্রবার নিহত সাংবাদিকের স্ত্রী আনন্দিতা সাংমা বাদী হয়ে অজ্ঞাতনামা আটজনকে আসামি করে দুর্গাপুর থানায় হত্যা মামলা করেন।


