নওগাঁর মহাদেবপুরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আনিছুর রহমান (৬৫) নামে এক বৃদ্ধ কৃষক নিহত হয়েছেন। এ ছাড়া উভয়পক্ষের ৯ জন আহত হয়েছেন। এ ঘটনায় ওসমান গনি নামের একজনকে আটক করেছে পুলিশ।
বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার খাজুর ইউপির রণাইল নিচপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আনিছুর রহমান ওই গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, রণাইল মৌজায় প্রায় ১০ বিঘা জমি নিয়ে আনিছুর রহমানের সঙ্গে দীর্ঘদিন ধরে একই গ্রামের নজরুলের বিরোধ চলে আসছিল।
অভিযোগ রয়েছে, নজরুল ওই জমি আনিছুরকে বুঝিয়ে না দিয়ে জোরপূর্বক ভোগ দখল করে আসছিলেন। স্থানীয় মাতবররা সালিশ-দরবারের মাধ্যমে আনিছুর রহমানকে প্রায় ৭ বিঘা জমি বুঝিয়ে দেন। পরে সেখানে ধানের চারা রোপণ করেন তিনি। বুধবার সকালে ওই জমিতে কীটনাশক ছিটিয়ে ফিরছিলেন আনিছুর ও তার লোকজন।
এ সময় নজরুল ইসলামের নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ২০ থেকে ২৫ জনের একটি দল তাদের ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই আনিছুর রহমান মারা যান। এ সময় উভয় পক্ষের ৯ জন আহত হন। আশঙ্কাজনক অবস্থায় ছয়জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রণাইল গ্রামের মৃত ওয়াহেদ আলী মন্ডলের ছেলে ওসমান গনিকে আটক করা হয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


