ইউপি নির্বাচনে মুনাফেকি করলে দলে কোনো জায়গা হবে না: আইনমন্ত্রী

ইউপি নির্বাচনে মুনাফেকি করলে দলে কোনো জায়গা হবে না: আইনমন্ত্রী
ছবি: টাইমস
Advertisement
Advertisement

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে তার পিছনে কাজ করতে হবে, এই পথে কেউ অন্তরায় হয়ে থাকলে সে দল থেকে ছিটকে পড়বে।

মন্ত্রী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে একটা ফর্মুলা দেবেন, কিভাবে কাজ করতে হবে। এর বাইরে কেউ গেলে তাকে দলছুট করা হবে। দলের মধ্য থেকে যারা মুনাফিকি করবেন তারেক রহমান তাদের ক্ষমা করবে না।’

মঙ্গলবার সকাল ১০টায় ঝিনাইদহের শৈলকুপায় উপজেলা বিএনপির নেতাকর্মীদের সাথে মতবিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। শৈলকুপা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় আইনমন্ত্রী বলেন, ‘প্রত্যেকটা ইউনিয়নের একটা রিপোর্ট মাননীয় প্রধানমন্ত্রীর কম্পিউটার সিস্টেমে থাকবে। প্রত্যেকটি ইউনিয়নের তথ্য প্রধানমন্ত্রীর কাছে থাকবে। মনে রাখবেন, আগামী স্থানীয় নির্বাচনে দল চাচ্ছে উইনিং ক্যান্ডিডেট। দলের বড় নেতা মনোনয়ন পেয়ে যদি ভোটে পরাজয়ের শঙ্কা থাকে, তাহলে যত বড় নেতাই হোক, তাকে দল সুযোগ দেবে না।’

আরও পড়ুন

মন্ত্রী আরও বলেন, ‘আমার দল যদি না জেতে তাহলে আমার মতো বড় নেতা দিয়ে কি হবে? আজকে বিএনপি যদি ক্ষমতায় না আসতো, তাহলে আমি যত বড় নেতাই হই না কেন, আমি যত ভালো মানুষই হই না কেন, তাতে কিছু যাবে আসবে না ।’

ইউনিয়ন নির্বাচনে কেমন প্রার্থী দেবে বিএনপি এমন ইঙ্গিত দিয়ে মন্ত্রী আরও বলেন, ‘দল আমার কাছে সবচেয়ে বড় আমানত। আপনার পছন্দের প্রার্থীকে প্রার্থী দিলেন, কিন্তু সে যদি না জেতে তাহলে হবে না। আমরা সব নজরে রাখছি। যদি দেখি আপনি দলের সাথে বেইমানী করছেন দলের ওপরে উঠে বিকল্প কিছু করছেন, তাহলে কিন্তু আমারও অধিকার আছে আপনাকে ধরার।’

মতবিনিময় সভায় উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad