সৌদি আরবের কয়েকটি রুটে উড়োজাহাজ চলাচল বন্ধ থাকায় ঢাকা থেকে ফ্লাইট বাতিল অব্যাহত রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার প্রবাসী ও সাধারণ যাত্রী।
চলতি মাসের ১০ তারিখ থেকে এ পর্যন্ত অন্তত ১৩৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে। ফলে ঢাকায় আটকা পড়েছেন ২০ হাজার ৬৭২ জন যাত্রী, যাদের বড় একটি অংশই সৌদিতে কর্মরত বাংলাদেশি প্রবাসী।
বৃহস্পতিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে সরাসরি ফ্লাইট ছিল ৬২টি এবং ট্রানজিট ফ্লাইট ৭৩টি।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সরাসরি ফ্লাইট পরিচালনকারী এয়ারলাইন্সগুলোর মধ্যে বিমান বাংলাদেশ সর্বোচ্চ ২৩টি ফ্লাইট বাতিল করেছে। এ ছাড়া সাউদিয়া ১৯টি, ইউএস-বাংলা ১০টি এবং রিয়াদ এয়ারওয়েজ ১০টি ফ্লাইট বাতিল করেছে।
অন্যদের চেয়ে ট্রানজিট ফ্লাইট বাতিলের শীর্ষে রয়েছে ইন্ডিগো; তাদের বাতিল হওয়া ফ্লাইটের সংখ্যা ২৮টি। এ ছাড়া এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, সালাম এয়ারের ৭টি, ফ্লাই দুবাইয়ের ৬টি, এয়ার ইন্ডিয়ার ৬টি এবং ইজিপ্ট এয়ারের ১টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
উল্লেখ্য, গত ১০ অক্টোবর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলার পর রিয়াদ ও দাম্মাম বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখে সৌদি কর্তৃপক্ষ। তবে আগামী ২৫ অক্টোবর থেকে রিয়াদগামী একটি ফ্লাইট পুনরায় চালু হওয়ার কথা রয়েছে।
এদিকে, বুধবার সন্ধ্যায় দাম্মাম বিমানবন্দরে মিসাইল হামলা হয়। এই হামলার মধ্যেই বৃহস্পতিবার বিমানের দাম্মামগামী ফ্লাইট সকাল ৮টায় ৩৭৯ জন যাত্রী নিয়ে ঢাকা ত্যাগ করে।


