চট্টগ্রামের খুলশী থানার জালালাবাদ এলাকায় অভিযান চালিয়ে ‘শীর্ষ সন্ত্রাসী’ ওয়াকিল হোসেন ওরফে বগার চার সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে প্রায় পৌনে দুই ঘণ্টার অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমিদস্যুতা, পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের অভিযোগে একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জসিম উদ্দিন (৩৭), আলম (৪০), মো. কাশেম (৩৫) ও মো. মোস্তাক হোসেন ওরফে রানা (২৫)। তাদের মধ্যে জসিম উদ্দিনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সদস্য হওয়ার অভিযোগও রয়েছে।
খুলশী থানা-পুলিশের তথ্যমতে, শুক্রবার দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে জালালাবাদ এলাকায় অভিযান শুরু হয়। রাত আড়াইটা পর্যন্ত চলা এ অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে দায়ের করা একাধিক মামলা তদন্তাধীন রয়েছে।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, তদন্তাধীন বিভিন্ন মামলায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। কোনো মামলায় জামিনে থাকলেও অন্য মামলায় আইনি প্রক্রিয়া থাকায় তাদের আদালতে পাঠানো হয়েছে।


