খাগড়াছড়িতে ড্রোনে মিলল অস্ত্রধারীদের মহড়া

খাগড়াছড়িতে ড্রোনে মিলল অস্ত্রধারীদের মহড়া
খাগড়াছড়িতে অবরোধ চলাকালে সশস্ত্র মহড়া। ছবি: ড্রোন ফুটেজ থেকে সংগৃহীত
Advertisement
Advertisement

খাগড়াছড়িতে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের ডাকা অবরোধ চলাকালে ড্রোনের ক্যামেরায় ভেসে উঠেছে সশস্ত্র ব্যক্তিদের মহড়ার চিত্র। মাটিরাঙ্গা উপজেলায় অস্ত্র হাতে কতিপয় ব্যক্তিকে ঘোরাঘুরি ও মোটরসাইকেলে সটকে পড়ার এই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় সর্বত্র উদ্বেগ সৃষ্টি হয়েছে।

সাজেকে সড়ক অবরোধকালে অবরোধকারীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার অভিযোগ এনে খাগড়াছড়ি ও রাঙামাটিতে অর্ধদিবস সড়ক ও নৌপথ অবরোধের ডাক দেয় ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ। শনিবার সকাল থেকে জেলার বিভিন্ন সড়কে গাছের গুঁড়ি ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে পিকেটিং করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও সেনাবাহিনী সতর্ক অবস্থান নেয়। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে বেশ কয়েকটি স্থানে পিকেটাররা সরে যায়।

অবরোধ চলাকালেই আইনশৃঙ্খলা বাহিনীর ড্রোনে অস্ত্রধারীদের আনাগোনার চিত্র ধারণ করা হয়। অনুসন্ধানে জানা যায়, ভিডিওটির ধারণস্থল মাটিরাঙ্গা উপজেলার বাইল্যাছড়ি এলাকা। ড্রোনের ফুটেজে অস্ত্র হাতে কয়েকজনকে ঘোরাফেরা করতে এবং পরবর্তী সময়ে মোটরসাইকেলে চড়ে স্থান ত্যাগ করতে দেখা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ভাইরাল হওয়ার পর স্থানীয় ও জাতীয় পর্যায়ের অনলাইন গণমাধ্যম এবং বিভিন্ন টেলিভিশন চ্যানেলে তা গুরুত্বের সঙ্গে প্রচারিত হয়। সাধারণ কর্মসূচির মধ্যে এমন প্রকাশ্যে অস্ত্রধারীদের উপস্থিতি জনমনে ভীতির সঞ্চার করেছে।

নিরাপত্তা বিশ্লেষক ও স্থানীয়দের মতে, রাজনৈতিক কর্মসূচির আড়ালে অস্ত্রধারীদের এমন তৎপরতা জননিরাপত্তার জন্য মারাত্মক হুমকিস্বরূপ। তবে ভিডিওতে দৃশ্যমান ব্যক্তিদের সঠিক পরিচয়, তাদের সাংগঠনিক অবস্থান কিংবা ব্যবহৃত অস্ত্রের ধরন সম্পর্কে এখনো নিরপেক্ষভাবে নিশ্চিত হওয়া যায়নি।

বর্তমান প্রেক্ষাপটে প্রচারিত ভিডিওটির সত্যতা, ধারণের সঠিক সময় ও স্থান চিহ্নিত করে জড়িতদের পরিচয় বের করা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad