চবিতে ‘নবদিগন্ত’ ও ‘প্রবন্ধসমগ্র’ গ্রন্থের মোড়ক উন্মোচন

চবিতে ‘নবদিগন্ত’ ও ‘প্রবন্ধসমগ্র’ গ্রন্থের মোড়ক উন্মোচন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসুর উদ্যোগে ‘নবদিগন্ত’ ও ‘চাকসু নির্বাচিত প্রবন্ধসমগ্র’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান। ছবি: টাইমস
Advertisement
Advertisement

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) উদ্যোগে ‘নবদিগন্ত’ ও ‘চাকসু নির্বাচিত প্রবন্ধসমগ্র’ শীর্ষক দুটি গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের চাকসুতে আয়োজিত অনুষ্ঠানে গ্রন্থ দুটির মোড়ক উন্মোচন করা হয়।

‘নবদিগন্ত’ গ্রন্থে বিজ্ঞান নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চিন্তা ও ভাবনা তুলে ধরা হয়েছে। অন্যদিকে, ‘চাকসু নির্বাচিত প্রবন্ধসমগ্র’ গ্রন্থে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের প্রবন্ধ স্থান পেয়েছে। এর মাধ্যমে চাকসুর বিভিন্ন কার্যক্রম ও উদ্যোগের লিখিত নথি সংরক্ষণের প্রয়াস নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে চাকসুর সহসভাপতি (ভিপি) ইব্রাহিম হোসেন রনি বলেন, ‘একটা জিনিস খুব বেশি বিশ্বাস করি, তা হলো আপনি যখন কোনো কিছুতে ইনভেস্ট করেন, তখন সবসময়ই সেটার একটা সুফল পেতে চান। কিন্তু ইনভেস্ট করার পরে সুফলটা যদি আপনার কাছে দৃশ্যমান বা স্পষ্ট না হয়, কিংবা আপনি শুধু তা উপলব্ধি করতে পারেন, তবে সেটা ক্ষণস্থায়ী হতে পারে।’

তিনি আরও বলেন, ‘আমার কাছে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো কিছু কাজ করে যাওয়া। আমি চাকসুর শুরু থেকে সব সম্পাদককে বলে এসেছি, তোমরা এমন কিছু রেখে যাও, যা টাচ করা যায়, যা দেখে ২০ বা ৫০ বছর পরেও মানুষ বলতে পারবে যে চাকসু থাকাকালীন এটি করা হয়েছিল।’

আরও পড়ুন

চাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সাঈদ বিন হাবিব বলেন, বিগত এক বছরে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এত বেশিসংখ্যক প্রোগ্রাম, কোর্স, সেমিনার এবং ক্যাম্পাসজুড়ে দৃশ্যমান পরিবর্তন আগে কখনো হয়নি। শিক্ষার্থীদের সার্টিফিকেট ও মাইগ্রেশন সার্টিফিকেটসহ বিভিন্ন সেবা অটোমেশনের মাধ্যমে সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘আমরা বিভিন্ন ম্যাগাজিন প্রকাশ করতে পেরেছি।’ এ সময় তিনি বিগত স্বৈরাচারী আমলে শিক্ষার্থীদের ওপর নির্যাতন এবং বিরোধী দলের নেতাকর্মী ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের ক্যাম্পাসে স্বাভাবিকভাবে চলাফেরা ও ক্লাস করতে বাধা দেওয়ার অভিযোগ তুলে ধরেন।

চাকসুর বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মো. মাহবুবুর রহমান বলেন, ‘বর্তমান চাকসু একটা লার্নিং প্রসেস, আমরা শিখতেছি। সেখান থেকে আমরা আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করছি কাজ করার জন্য।’

তিনি জানান, শিক্ষার্থীদের জন্য আয়োজিত বিভিন্ন কোর্সে পাঁচ, দুই ও এক হাজার টাকা পর্যন্ত পুরস্কার এবং সনদ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ ছাড়া ছয় লাখ টাকা ব্যয়ে একটি কম্পিউটার ল্যাব উদ্বোধন করা হয়েছে। ল্যাবটি শিক্ষার্থীদের ব্যবহারের উপযোগী করে গড়ে তোলার বিষয়ে উপাচার্যের সঙ্গে আবারও আলোচনার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন চাকসুর সহসাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনাবিষয়ক সম্পাদক জিহাদ আহনাফ। এ সময় বক্তব্য দেন সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনাবিষয়ক সম্পাদক হারেস মাতব্বর, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক মোনায়েম শরীফ, সহযোগাযোগ ও আবাসনবিষয়ক সম্পাদক ওবায়দুল সালমান, লাইব্রেরি ও ক্যাফেটেরিয়া সম্পাদক মাসুম বিল্লাহ, সহদপ্তর সম্পাদক জান্নাতুল আদন নুসরাত, গবেষণা ও উদ্ভাবনবিষয়ক সম্পাদক তানভীর আনজুম শোভন এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মো. মাহবুবুর রহমান।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad