নেতৃত্বের পর্যাপ্ত সময় না দেওয়া এবং শীর্ষ নেতাদের নিষ্ক্রিয়তার কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা জাতীয় ছাত্রশক্তির কমিটি স্থগিত করা হয়েছে।
বুধবার জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সংসদের সভাপতি আবু বাকের মজুমদার ও সাধারণ সম্পাদক তানহীদ আল মুদ্দাসসীর চৌধুরীর যৌথ জরুরি সিদ্ধান্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার কমিটি স্থগিতের ঘোষণা দেওয়া হয়।
সংগঠনের বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ স্থগিতাদেশ বহাল থাকবে।
সংগঠনের একাধিক সূত্র জানিয়েছে, চবি শাখার সভাপতির সাংগঠনিক কার্যক্রমে নিষ্ক্রিয়তা ও কর্মসূচিতে পর্যাপ্ত উপস্থিতি না থাকায় নেতাকর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়।
এ ছাড়া যুগ্ম সাধারণ সম্পাদকসহ কয়েকজন নেতার নিষ্ক্রিয়তা এবং আহ্বায়ককে যোগাযোগ সত্ত্বেও পাওয়া না যাওয়ার অভিযোগও কমিটি স্থগিতের পেছনে ভূমিকা রেখেছে।
নাম প্রকাশ না করার শর্তে সংগঠনটির এক নেতা জানিয়েছেন, সংগঠনকে আরও গতিশীল করতে এবং সভাপতির ভূমিকায় অসন্তোষ থেকেই এ সিদ্ধান্ত এসেছে।
এ বিষয়ে শাখা ছাত্রশক্তির সাধারণ সম্পাদক মো. ইসমাইল জানান, কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কমিটি পুনর্গঠনের প্রক্রিয়া চলছে এবং গুরুত্বপূর্ণ কয়েকটি পদে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। বিশ্ববিদ্যালয় পর্যায়ের কমিটিগুলোকে আরও কার্যকর করতে কেন্দ্রীয় নেতৃত্ব কাজ করছে বলে জানান তিনি।
তবে এ বিষয়ে বক্তব্য জানতে চবি শাখা ছাত্রশক্তির সভাপতিকে ফোন করা হলে তিনি ফোনটি কেটে দেন।


