আসিফের গাড়িতে গুলি, রহস্যের কেন্দ্রে তিন দিক

আসিফের গাড়িতে গুলি, রহস্যের কেন্দ্রে তিন দিক
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

রাজধানীর মগবাজারে কণ্ঠশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার ভোর ৪টা ৫৫ মিনিটে বিশাল সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। হামলাকারীকে শনাক্ত করতে পারেনি পুলিশ। ঘটনার কারণ জানতে রাজনৈতিক, ব্যক্তিগত ও ব্যবসায়িক বিরোধের বিষয় খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, সিএনজিচালিত অটোরিকশায় এসে এক ব্যক্তি গাড়িটি লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যান। তবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান শনিবার সন্ধ্যায় টাইমসকে বলেন, ‘কাউকে শনাক্ত করা যায়নি। ঘটনার কারণও নিশ্চিত হওয়া যায়নি। ভিডিও ফুটেজ দেখে তদন্ত চলছে।’

স্বামীর গাড়িতে গুলির ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন আসিফের স্ত্রী সালমা আসিফ মিতু। তিনি বলেন, এ ঘটনার পেছনে কাউকে সন্দেহ করার মতো কোনো কারণ তাদের জানা নেই।

পুলিশ জানায়, ঘটনার সময় আসিফ বিশাল সেন্টারের তৃতীয় তলায় নিজের স্টুডিওতে ছিলেন। গাড়িচালকও গাড়ির কাছে ছিলেন না। গাড়ির পেছনের আসনের দিকে গুলি ছোড়া হয়। এতে কাচ ভেঙে যায়।

আরও পড়ুন

পুলিশের অভ্যন্তরীণ প্রতিবেদন অনুযায়ী, শনিবার ভোর পৌনে ৫টার দিকে এক ব্যক্তি সিএনজিচালিত অটোরিকশায় বিশাল সেন্টারের পার্কিং এলাকায় আসেন। গাড়িটি লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যান।

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান টাইমসকে বলেন, ‘ওই অটোরিকশায় আর কেউ ছিলেন কি না, তা তদন্তের মাধ্যমে জানা যাবে।’

পুলিশ জানায়, শুক্রবার রাত ৮টার দিকে আসিফ স্টুডিওতে আসেন। তখন তার কয়েকজন বন্ধুও সেখানে ছিলেন। রাত ৩টার দিকে তারা চলে যান। তাদের সঙ্গেও কথা বলছে পুলিশ।

কাছাকাছি থাকা এক নিরাপত্তাকর্মী গুলির শব্দ শুনে ঘটনাস্থলে যান। গাড়িতে গুলির চিহ্ন দেখে তিনি আসিফকে জানান। পরে আসিফ নিচে নেমে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে হাতিরঝিল থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

উপকমিশনার ইবনে মিজান বলেন, আসিফ কাউকে সন্দেহ করছেন না। কারও বিরুদ্ধে অভিযোগও করেননি।

হামলাকারীকে শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে পুলিশ। ইতোমধ্যে পাওয়া একটি ফুটেজে সন্দেহভাজন ব্যক্তির শুধু পা দেখা গেছে।

আসিফের সঙ্গে তার অফিসের কারও বিরোধ আছে কি না, তার বৈধ অস্ত্র রয়েছে কি না বা নতুন অস্ত্রের আবেদন করেছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। কুমিল্লায় স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা এবং এ নিয়ে কারও সঙ্গে রাজনৈতিক বিরোধ আছে কি না, সেটিও তদন্তের আওতায় রয়েছে।

আসিফ আকবর সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক। তিনি কুমিল্লায় বিএনপির রাজনীতিতে সক্রিয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad