উজবেকিস্তানের তাসখন্দে ২৯তম এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ ও এশিয়ান টেবিল টেনিস ইউনিয়নের (এটিটিইউ) বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হচ্ছে। এতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।
বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সভাপতি মোসলেহ উদ্দিন আহমদ বাংলাদেশ দলের ‘হেড অব ডেলিগেশন’ হিসেবে আয়োজনে অংশ নিচ্ছেন। আন্তর্জাতিক টেবিল টেনিস ফেডারেশন (আইটিটিএফ) ও এটিটিইউ যৌথভাবে এ আয়োজন করেছে।
শনিবার অনুষ্ঠিত এটিটিইউর বার্ষিক সাধারণ সভায় অংশ নেন মোসলেহ উদ্দিন আহমদ। সভায় আন্তর্জাতিক ও এশীয় টেবিল টেনিসের শীর্ষ কর্মকর্তা এবং বিভিন্ন দেশের ফেডারেশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এতে খেলাটির উন্নয়ন ও প্রসার নিয়ে আলোচনা হয়।
এ আয়োজনে অংশ নেওয়ায় এশিয়ার ক্রীড়া সংগঠকদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় ও দেশের টেবিল টেনিস উন্নয়নে সহযোগিতার সুযোগ তৈরি হয়েছে।
আগামী ২৭ অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে।


