প্রশাসন ও সেনাবাহিনীর পক্ষ থেকে নিরাপত্তার আশ্বাসে ছয় দিন বন্ধ থাকার পর বুধবার থেকে বান্দরবান-থানচি সড়কে আবারও বাস চলাচল শুরু হচ্ছে। বাস মালিক সমিতি জানিয়েছে, স্থানীয় প্রশাসন ও সেনাবাহিনীর পক্ষ থেকে সার্বিক নিরাপত্তার আশ্বাস দেওয়ায় পরিবহন শ্রমিকরা বাস চালাতে সম্মত হয়েছেন।
মঙ্গলবার স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বাস মালিক সমিতির অভিযোগ, বিপুল অঙ্কের চাঁদা পরিশোধ না করা পর্যন্ত বাস না চালাতে নির্দেশ দিয়েছিল আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলো। তাদের হুমকির মুখে গত ৮ অক্টোবর থেকে এ সড়কে বাস চলাচল বন্ধ করে দেন পরিবহন শ্রমিকরা।
বান্দরবান-থানচি-রুমা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. নুরুল আলম বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের আশ্বাস এবং পর্যটকদের স্বার্থ বিবেচনায় কিছুটা ঝুঁকি নিয়েই তারা থানচি সড়কে বাস চালাতে রাজি হয়েছেন।
তিনি জানান, মঙ্গলবার দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর বান্দরবান সদর জোন কর্তৃপক্ষের সঙ্গে বাস মালিক সমিতি ও পরিবহন শ্রমিকদের বৈঠক হয়। বৈঠকে বান্দরবান-থানচি সড়কের ওয়াই জংশন থেকে নীলগিরি পর্যটনকেন্দ্র পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মাধ্যমে পাহারার ব্যবস্থা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নুরুল আলম বলেন, আগে বান্দরবান প্রান্ত থেকে তিনটি এবং থানচি প্রান্ত থেকে তিনটি বাস চলাচল করত। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দুই প্রান্ত থেকেই দুটি করে মোট চারটি বাস চলবে।
এদিকে বাসচালক জাহাঙ্গীর আলম বলেন, জীবনের ঝুঁকি নিয়েই তাদের বাস চালাতে হয়। সাম্প্রতিক পরিস্থিতিতে সেই ঝুঁকি আরও বেড়েছে।


