মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিট ভিসায় পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে দুই ব্যক্তিকে ভিজিট ভিসায় নিয়ে আটকে রেখে মুক্তিপণ আদায়ের অভিযোগে করা মানিলন্ডারিং মামলায় মাসুদ করিম (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
মঙ্গলবার দুপুরে রাজধানীর পল্টন থানার পলওয়েল মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে সিআইডি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সিআইডি জানায়, গ্রেপ্তার মাসুদ করিম শরীয়তপুরের সখিপুর থানার মনাই হাওলাদার কান্দি (চরভাগা) গ্রামের বাসিন্দা। তিনি তাহসিন ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মালিক।
দুই ব্যক্তিকে ওয়ার্ক পারমিট ভিসায় মালয়েশিয়ায় নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তবে তাদের ভিজিট ভিসায় মালয়েশিয়ায় নিয়ে বিমানবন্দর থেকে বের করার পর অজ্ঞাত স্থানে আটকে রাখা হয় বলে অভিযোগ রয়েছে। পরে আন্তর্জাতিক সংঘবদ্ধ মানব পাচার চক্রের সহায়তায় ভুক্তভোগীদের স্বজনদের ফোন করে তাদের মুক্তির বিনিময়ে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ সময় ভুক্তভোগীদের শারীরিক ও মানসিক নির্যাতন এবং ভয়ভীতি দেখানো হয় বলেও অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগীদের মুক্তিপণ বাবদ ব্যাংক হিসাবের মাধ্যমে দুই লাখ টাকা আদায় করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীদের একজন থানায় মামলা করেন।
পরে মানবপাচার, অপহরণ ও মুক্তিপণ আদায়ের মাধ্যমে অর্থ গ্রহণের অভিযোগে মানিলন্ডারিং অনুসন্ধান শেষে মাসুদ করিম ও তার মালিকানাধীন প্রতিষ্ঠান তাহসিন ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের বিরুদ্ধে মামলা করা হয়।
সিআইডি আরও জানায়, বর্তমানে মামলাটির তদন্ত চলছে। এ ঘটনায় জড়িত অন্য ব্যক্তি, পলাতক অভিযুক্ত এবং চক্রটির দেশি-বিদেশি সহযোগীদের শনাক্ত করার পাশাপাশি সম্ভাব্য ভুক্তভোগীদের খুঁজে বের করার চেষ্টা চলছে।
বিদেশে কর্মসংস্থান বা ভ্রমণের ক্ষেত্রে ব্যক্তি ও প্রতিষ্ঠানের বৈধতা যাচাই না করে অর্থ বা পাসপোর্ট হস্তান্তর না করার আহ্বান জানিয়েছে সিআইডি। ভিসার নামে অস্বাভাবিক অঙ্কের অর্থ দাবি, পাসপোর্ট আটকে রাখা, ভিসা জালিয়াতি বা মানব পাচারের সন্দেহ হলে নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথবা সিআইডিকে জানানোর অনুরোধও জানিয়েছে সংস্থাটি।


