মানিকগঞ্জের ঘিওরে ৩৫ বছর বয়সী এক বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে শামছুল (৪৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।
শামছুল ঘিওর সদর ইউনিয়নের চঙ্গশিমুলিয়া গ্রামের সালামের ছেলে।
বুধবার ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহাব্বত কবির মামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ভুক্তভোগী নারীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, গত ২ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে ঘিওরে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীর বাবা ৯ অক্টোবর থানায় লিখিত অভিযোগ দেন। প্রাথমিক তদন্ত শেষে ১২ অক্টোবর অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করে পুলিশ।
এজাহারে বলা হয়েছে, ঘটনার রাতে মেয়েকে বাড়িতে রেখে তার বাবা পাশের বৈলট বাজারে চা খেতে যান। এ সময় মেয়েকে একা পেয়ে শামছুল ঘরে প্রবেশ করেন। পরে মুঠোফোনে অশ্লীল ভিডিও দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ করেছেন বাবা।
পরিবারের সদস্যরা জানান, ঘটনার পর আতঙ্কে ওই নারী প্রথমে কাউকে কিছু বলেননি। ৭ অক্টোবর তিনি বাবাকে বিষয়টি জানান। স্থানীয়দের সঙ্গে আলোচনা ও পরামর্শের কারণে থানায় অভিযোগ করতে দেরি হয়।
ভুক্তভোগীর মা জানান, ঘটনার দিন তিনি ছোট মেয়ের বাড়িতে ছিলেন। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেন।
ঘিওর থানার ওসি মুহাম্মদ মহাব্বত কবির বলেন, ‘এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ভুক্তভোগী নারীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।’


