চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় স্কুলগামী শিক্ষার্থীদের উত্ত্যক্ত করার প্রতিবাদ জানাতে গিয়ে ইমদাদুল হক (২৩) নামের এক যুবক নিহত হয়েছেন।
বুধবার রাত সাড়ে ৯ টার দিকে পৌর এলাকার গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত নাইস (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত ইমদাদুল হক আলমডাঙ্গা উপজেলার নওদা বন্ডবিল গ্রামের বাসিন্দা। অভিযুক্ত নাইস গোবিন্দপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্কুলগামী শিক্ষার্থীদের উত্ত্যক্ত করা নিয়ে ইমদাদুলের সঙ্গে নাইসের আগে একাধিকবার কথা-কাটাকাটি হয়েছিল। বুধবার রাতে নাইসের পরিবারের সদস্যদের বিষয়টি জানাতে তাদের বাড়িতে যান ইমদাদুল। এ সময় নাইসের সঙ্গে তার বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে নাইস কাঠের বাটাম দিয়ে ইমদাদুলের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন বলে অভিযোগ করা হয়। এতে গুরুতর আহত হন ইমদাদুল।
প্রত্যক্ষদর্শী উজ্জ্বল হোসেন বলেন, বিদেশে যাওয়ার উদ্দেশে গত মঙ্গলবার রাতে ঢাকা থেকে বাড়িতে এসেছিলেন ইমদাদুল। বুধবার রাত সাড়ে ৯টার দিকে পূর্ববিরোধের জেরে নাইসের বাড়িতে গুরুতর আহত হলে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে অভিযান চালিয়ে লালব্রিজ এলাকা থেকে অভিযুক্ত নাইসকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার বিস্তারিত তথ্য নিশ্চিত হওয়া যাবে।


