মা ইলিশ সংরক্ষণে চাঁদপুরে নিয়মিত টহলের পাশাপাশি জনসচেতনতামূলক নানা কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বুধবার বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের সমুদ্র, উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা বিধানের পাশাপাশি জাতীয় মৎস্য সম্পদ রক্ষায় জাটকা নিধন প্রতিরোধ ও মা ইলিশ সংরক্ষণে গুরুত্বসহকারে দায়িত্ব পালন করে আসছে কোস্ট গার্ড।
চলতি বছর ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ ও নিরাপদ প্রজনন নিশ্চিত করতে ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয় সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে সরকার। সরকারি এ নিষেধাজ্ঞা বাস্তবায়নে কোস্ট গার্ড দায়িত্বপ্রাপ্ত নদী ও উপকূলীয় এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি সার্বক্ষণিক টহল পরিচালনা করছে।
টহল ও অভিযানের পাশাপাশি জেলেদের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নদী তীরবর্তী এলাকায় নিয়মিত মাইকিং, লিফলেট বিতরণ ও প্রজনন রক্ষা বিষয়ক আলোচনা সভা করা হচ্ছে। একই সঙ্গে জেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে অভিযান চালিয়ে অমান্যকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ড জানায়, ‘আজকের সংরক্ষণই আগামী দিনের প্রাচুর্য’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের সুনীল অর্থনীতিকে গতিশীল রাখতে সরকারি নির্দেশনাবলি মেনে চলার আহ্বান জানানো হচ্ছে।
মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা লঙ্ঘন বা নদী সংক্রান্ত যেকোনো অনিয়মের তথ্য সরাসরি জানাতে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ যোগাযোগ করার জন্য সর্বসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছে সংস্থাটি।


