বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)-এর বিজনেস এডমিনিস্ট্রেশন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে ‘ইনভেস্টমেন্ট ইন ক্যাপিটাল মার্কেট’ শীর্ষক বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম আয়োজন করেছে।
মঙ্গলবার বাড্ডার সাতারকুলে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের অডিটোরিয়ামে এ বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিনিয়োগ শিক্ষা প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইইউ-এর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. রফিকুল ইসলাম।
এ সময় ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক বুশরা ফেরদৌসী, একই বিভাগের সহযোগী অধ্যাপক মো. রুহুল আমিন, বিআইসিএম-এর সহকারী অধ্যাপক মো. হাবিবুল্লাহ, হিসাবরক্ষণ কর্মকর্তা ফখরুল ইসলাম ও প্রভাষক ইমরান মাহমুদ উপস্থিত ছিলেন।
বিআইসিএম ও ডিআইইউ-এর যৌথ উদ্যোগে আয়োজিত বিনিয়োগ শিক্ষা প্রোগ্রামটির বিভিন্ন সেশন পরিচালনা করেন ইন্সটিটিউটের সহকারী অধ্যাপক মো. হাবিবুল্লাহ ও প্রভাষক ইমরান মাহমুদ।
বিআইসিএম নিয়মিতভাবে বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের ওপর প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজন করে থাকে। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে পুঁজিবাজারে বিনিয়োগের আগ্রহ সৃষ্টি ও বিনিয়োগে সচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যতে তাদের পেশাগত উৎকর্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিআইসিএম-এর এ আয়োজন।


