বরিশালে জাতীয় পার্টির বিক্ষোভ মিছিল পণ্ড

বরিশালে জাতীয় পার্টির বিক্ষোভ মিছিল পণ্ড
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে বরিশালে দলটির বিক্ষোভ মিছিল পণ্ড করে দিয়েছে পুলিশ। এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল মহানগরের আহ্বায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুলকে হেফাজতে নেওয়া হয়।

বুধবার বিকালে নগরীর লঞ্চঘাট এলাকায় একটি রেস্টুরেন্ট থেকে তাকে হেফাজতে নেওয়া হয় বলে জানিয়েছেন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম।

তিনি জানান, পুলিশের নির্দেশ উপেক্ষা করে নগরীতে বিক্ষোভ করে জাতীয় পার্টি। এ কারণে জাতীয় পার্টির নেতা মহসিন উল ইসলাম হাবুলকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে তার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

জাতীয় পার্টির নেতাকর্মীরা জানিয়েছেন, জাপা চেয়ারম্যানের বাসভবনে হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার নগরীতে শান্তিপূর্ণ প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে মহানগর শাখা। এজন্য মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুলের নেতৃত্বে নেতাকর্মীরা জেলা পরিষদ চত্বরে জড়ো হন। পুলিশ গিয়ে তাদের মিছিল করতে নিষেধ করে এবং সেখান থেকে তাদের বের করে দেয়।

পরে নেতাকর্মীরা নগরীর লঞ্চঘাট এলাকার একটি রেস্টুরেন্টে আবারো জড়ো হন। তখন বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. বেল্লাল হোসাইনের নেতৃত্বে পুলিশের একটি টিম সেখান থেকে অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুলকে হেফাজতে নেয়।

হেফাজতে নেওয়ার সময় অধ্যাপক হাবুল বলেন, ‘জাতীয় পার্টির চেয়ারম্যানের উত্তরার বাসভবনে হামলার প্রতিবাদে শান্তিপূর্ণ প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করার জন্য জড়ো হয়েছিলাম। জাতীয় পার্টি নিবন্ধিত দল। এ দল রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, দেশের বিরোধী দলও ছিল। গণতান্ত্রিক দেশে আজ মিছিল করতে দেওয়া হলো না।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad