রাবি শিক্ষার্থীর গাড়ির চাপায় নিহত ১, আহত ২

রাবি শিক্ষার্থীর গাড়ির চাপায় নিহত ১, আহত ২
ছবি: টাইমস
Advertisement
Advertisement

রাজশাহীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী এস এম রিজনের গাড়ির চাপায় এক রিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় এক নারীসহ আরও দুজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার দুপুর ২টার দিকে নগরীর তালাইমারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো. শাহজালালী (৫০)। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র শামীম হাসান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযুক্ত রিজন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী। তিনি ‘বেঙ্গল সিগনেচার’ প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী।

শামীম হাসান বলেন, তিনজনকে হাসপাতালে আনা হয়। তাদের একজন মারা গেছেন। বাকি দুজন হাসপাতালে ভর্তি আছেন, তাদের চিকিৎসা চলছে।

আরও পড়ুন

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ব্যক্তিগত গাড়ি নিয়ে দ্রুতগতিতে যাচ্ছিলেন রিজন। এ সময় গাড়িটি এক নারী পথচারীকে ধাক্কা দিলে তিনি রাস্তার পাশে ছিটকে পড়েন। পরে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে আরও দুই রিকশাচালককে চাপা দেন রিজন। এতে ঘটনাস্থলেই এক রিকশাচালকের মৃত্যু হয়।

পরে স্থানীয় লোকজন গাড়িসহ রিজনকে আটক করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) গাজিউর রহমান বলেন, ঘটনাস্থলে লোকজন জড়ো হওয়ায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে রিজনকে গাড়িসহ থানায় নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রিজনের বিরুদ্ধে মামলা হয়েছে কি না, জানতে চাইলে গাজিউর রহমান বলেন, ‘এখনও কোনো মামলা হয়নি। প্রথমে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad