ভারতের সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন। শুক্রবার দিল্লির কনট প্লেসে যাওয়ার পথে আটক ও পরে গ্রেপ্তারের এক দিন পর শনিবার তাকে জামিনে মুক্তি দেওয়ার নির্দেশ দেন বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট।
জামিনের অন্যতম শর্ত হলো, আগামী এক বছর তার পক্ষ থেকে শান্তি ভঙ্গের কোনো ঘটনা ঘটানো যাবে না। জামিনের অন্যান্য শর্ত ম্যাজিস্ট্রেটের আদেশ প্রকাশের পর জানা যাবে।
শুক্রবার বিকাল ৫টায় ‘লেহরা দো তিরঙ্গা’ পদযাত্রার ডাক দিয়েছিলেন অভিজিৎ দীপকে। পদযাত্রায় অংশ না নিতে কয়েক ঘণ্টা আগে তাকে নোটিশ দেয় দিল্লি পুলিশ। নোটিশে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১৬৩ ধারায় জারি করা নিষেধাজ্ঞার কথা উল্লেখ করা হয়।
তবে শুক্রবার সন্ধ্যায় কনট প্লেসের উদ্দেশে রওনা হলে কিছুক্ষণের মধ্যেই তাকে আটক করা হয়। একই সময়ে মান্ডি হাউসের কাছে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) কর্মী নেহা বোরাকেও আটক করা হয়। পরে সিজেপি ও আইসা দাবি করে, আটক দীপকে ও বোরার অবস্থান সম্পর্কে তারা কিছু জানতে পারছে না।
বার্তা সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়, গত ১০ অক্টোবর শান্তি বজায় রাখার মুচলেকা দেওয়ার পরও তা ভঙ্গের অভিযোগে শনিবার সকালে দীপকেকে গ্রেপ্তার করা হয়।
এদিকে, সিজেপির দুই মুখপাত্র এখনো কারাগারে রয়েছেন। তারা হলেন সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। বুধবার বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের পাঁচ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠান। এর আগের দিন জন্তর মন্তরে বিক্ষোভের জন্য নির্ধারিত স্থান থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর সেখানে সিজেপির কয়েকজন সদস্যের সঙ্গে গিয়ে তারা নিষেধাজ্ঞা লঙ্ঘন করেন বলে অভিযোগ রয়েছে।
সিজেপি নেতা অজিঙ্ক্য শিন্দেকে ব্যক্তিগত মুচলেকায় মুক্তি দেওয়া হয়েছে।
সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার আইনজীবীর ভাষ্য অনুযায়ী, দিল্লি পুলিশ তাদের বিরুদ্ধে অপরাধমূলক অনুপ্রবেশের অভিযোগ এনেছে। পাশাপাশি, শান্তি ভঙ্গ না করার শর্তে দিল্লি থানায় বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে দেওয়া আগের মুচলেকা ভঙ্গের অভিযোগও করা হয়েছে।


