ইয়েমেনে হুথিদের হামলায় নিহত কমপক্ষে ৫৩

ইয়েমেনে হুথিদের হামলায় নিহত কমপক্ষে ৫৩
হুথি কর্তৃপক্ষের অনুগত যোদ্ধারা আরও যোদ্ধা নিয়োগের লক্ষ্যে সমাবেশে স্লোগান দিচ্ছেন। বৃহস্পতিবার ইয়েমেনের রাজধানী সানায়। ছবি: এএফপি/বাসস
Advertisement
Advertisement

ইয়েমেনের তেলসমৃদ্ধ শাবওয়া প্রদেশে একটি সামরিক শিবিরে তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ৫৩ জন নিহত এবং অন্তত ৭০ জন আহত হয়েছেন। সোমবার ঘটনাটি ঘটেছে বলে সামরিক বাহিনীর দুটি সূত্র এএফপিকে এ তথ্য জানিয়েছে।

সরকারি সূত্রগুলো জানায়, ক্ষেপণাস্ত্রগুলো আল আলাম শিবিরে আঘাত হানে। শিবিরটি ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সমর্থক বাহিনীর ব্যবহারের জন্য নির্ধারিত। ২০২২ সাল থেকে মোটামুটি কার্যকর থাকা যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর ইরান সমর্থিত হুথিদের সঙ্গে নতুন করে লড়াই শুরু হয়েছে।

ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র মাজেদ আল নুজাইলি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘হুথি মিলিশিয়া তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে শাবওয়াকে লক্ষ্যবস্তু করেছে।’

তিনি বলেন, নিরাপত্তা বাহিনী ও পুলিশ সদস্যদের প্রশিক্ষণকেন্দ্রে হামলাটি চালানো হয়েছে।

শাবওয়ায় সরকারি বাহিনীর এক সামরিক সূত্র জানায়, সেনাবাহিনীর আশঙ্কা, এই হামলা স্থল অভিযানের পথ তৈরি করতে পারে। মোখায় যা ঘটেছিল, তার পুনরাবৃত্তি হতে পারে বলে আশঙ্কা করছে তারা। বাব আল মানদেব প্রণালির কাছে ইয়েমেনের লোহিত সাগর উপকূলে অবস্থিত কৌশলগত বন্দরনগরী মোখা একসময় হুথিরা দখল করেছিল।

নাম প্রকাশ না করার শর্তে ওই সূত্র আরও জানায়, রোববার হুথিরা সরকার নিয়ন্ত্রিত শাবওয়ার সঙ্গে তাদের নিয়ন্ত্রণে থাকা আল বায়দা প্রদেশের সংযোগ সড়ক বন্ধ করে দেয়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তাদের ওই সড়ক ব্যবহার করতে দেওয়া হয়নি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad